পোস্টারে সবখানেই, প্রচারে ততটা নেই ‘নির্ভার’ কামাল
রাজধানীর যে কয়টি আসনে নৌকার ঢেউয়ের পথে বাধা কম বলে বেশির ভাগেরই অনুমান, সেগুলোর মধ্যে ঢাকা-১২ আসনটিও রয়েছে।
মগবাজার থেকে শেরে বাংলা নগর আর নাখালপাড়া, নয়াটোলা কিংবা তিব্বতের মতো পুরো আসন ছেয়ে আছে ভোটের পোস্টারে, যেগুলোর বেশির ভাগই নৌকার প্রার্থী আসাদুজ্জামান খান কামালের।
এসব এলাকা ও আশপাশ নিয়ে গঠিত ঢাকা-১২ আসন থেকে টানা তিনবারের নির্বাচিত এই সংসদ সদস্য চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবারও প্রার্থী হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি যখনই সময় মিলছে, তখনই আগামী ৭ জানুয়ারির ভোটের প্রচারনাতেও নেমে পড়ছেন। তবে এখনও জোরেশোরে প্রচারে নামতে দেখা যায়নি তাকে।
এ আসনের নির্বাচন নিয়ে খোঁজখবর রাখেন এমন ভোটার আর নৌকার সমর্থক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এর প্রয়োজনীয়তাও খুব একটা দেখছেন না। তাদের ভাষ্য, নৌকা প্রতীককে চ্যালেঞ্জ জানানোর মতো প্রতিদ্বন্দ্বিতার আমেজ নেই। অন্য প্রার্থীরাও পরিচিত মুখ নন, মাঠেও নেই তেমন একটা।
এরমধ্যেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসাদুজ্জামান কামাল ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কথা শুনছেন; স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সলাপরামর্শ করছেন।
মঙ্গলবারও নির্বাচনি এলাকা খামারবাড়িতে এক মতবিনিময় সভায় এসেছিলেন তিনি। তার ব্যক্তিগত কর্মকর্তা মনির হোসেন জানান, ভোটের প্রচারে এদিন এটিই ছিল তার একমাত্র কর্মসূচি।
বিকালে ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ময়মনসিংহ বিভাগ আয়োজিত এ সভায় তিনি এসে পৌঁছান ৪টা ২১ মিনিটে। তখন কর্মীরা তাকে বরণ করে নেয় স্লোগানে স্লোগানে। অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৪টায়।
সন্ধ্যার পরপর মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ হলে কামাল সেখানে আসা অনেকের সঙ্গে কুশল বিনিময় শেষে ফিরে যান। তার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন এদিন তিনি প্রচারে আর কোথাও যাননি।
ঢাকার এ আসনে প্রার্থী রয়েছেন মোট ছয়জন। মহাখালী, নাবিস্কো, তিব্বত, নয়াটোলা, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাইরে কোনো প্রার্থীর পোস্টার খুব একটা দেখা যায়নি৷
পথে পথে এ আসনের বর্তমান সংসদ সদস্যের পোস্টার দেখা গেলেও ব্যক্তিগত জনসংযোগে এখনও খুব বেশি নিয়মিত নন। তার হয়ে প্রচার করছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী আর কাউন্সিলররা।
৩ লাখ ৩৩ হাজার ১১২ জন ভোটারের এ এলাকা তারা প্রচারণা চালাচ্ছেন, মিছিল করছেন। উঠান বৈঠক ও মতবিনিময় সভাও করছেন, যেগুলোতে মাঝেমধ্যে উপস্থিত থাকছেন আসাদুজ্জামান কামাল।
পোস্টার লাগানো হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী রাকিব হাসান জানান, ক্যাম্পাসের ভেতরে তার জন্য প্রচারণা চালিয়েছেন স্থানীয় নেতারা। ক্যাম্পাসের কর্মী-সমর্থকরাও তাদের সঙ্গে ছিলেন। তিনি হয়ত অন্য কাজে ব্যস্ত থাকেন তাই এখানে আসেননি।
দুই মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামালের অনুসারীরা বলছেন, সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর জয় নিয়ে তারা চিন্তিত নন। কতটা বড় ব্যবধানে জয় নিশ্চিত করা যায় সেদিকে নজর তাদের৷
ঢাকা মহানগরে নির্বাচনি আসন রয়েছে ১৫টি৷ বিএনপির ভোট বর্জনে এগুলোর মধ্যে শুধু চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বাকিগুলোতে সহজ জয়ের পথেই নৌকার প্রার্থীরা বলে অনেকেরই অনুমান, যার মধ্যে ঢাকা-১২ আসনটিও রয়েছে।
এ আসনে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন কামাল৷ তিনি ছাড়াও প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, তৃণমূল বিএনপির মো. নাঈম হাসান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ নাশনালিস্ট ফ্রন্টের আতিকুর রহমান নাজিম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আব্দুল হাকিম।
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১২ আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল পান ১ লাখ ৯১ হাজার ৮৯৫ ভোট। নিকটতম বিএনপির সাইফুল আলম নীরব ৩২ হাজার ৬৭৮ ভোট পান।
মঙ্গলবার নাখালপাড়া, নাবিস্কো ও মধুবাগ এলাকার ভোটারের সঙ্গে কথা বলে দেখা যায়, কামালের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেবল তারা জাতীয় পার্টির খোরশেদ আলম খুশুকে প্রচারণা চালাতে দেখেছেন৷
নাখালপাড়ার গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাইর পাঁচজন মানুষ লইয়া তিনি কয়েকটা লিফলেট দিয়া গেছেন। মনে হইতাছে প্রার্থী হওনের লাইগাই তিনি প্রার্থী হইছেন৷”
ঘুরেফিরে নৌকার প্রার্থীর কথাই আসছে ভোটের আলোচনায় মন্তব্য করে বেগুনবাড়ির সবুজ মিয়া বলেন, “সারাদিন তো দেখছি উনারই পোস্টার, মাইকিং হয়৷
“যেই আসুক দেশে শান্তি থাকলেই হইল। আমরা সাধারণ মানুষেরা শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকতে চাই।”
নৌকার স্লোগানে প্রকম্পিত মিলনায়তন
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে নির্বাচনি এ মতবিনিময় সভার আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহবাসী। সভা শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়। নৌকার প্রার্থী আসার আগেই পুরো মিলনায়তন ভর্তি হয়ে যায়।
সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন থেমে থেমে। তারা বলছিলেন, ‘আওয়ামী লীগ সরকার বার বার দরকার’, ‘নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার সালাম নিন’।
একেকজন নেতা মিছিল নিয়ে আসছিলেন, সঙ্গে সমর্থক। আর স্লোগানে কেঁপে উঠছিল মিলনায়তন। বাস ভর্তি কর্মী সমর্থকদেরও আসতে দেখা গেল।
নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পেরিয়ে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
প্রথমেই কথা বলতে মঞ্চে ডাকা হয় নতুন ভোটার জান্নাতুন নেসা ডলিকে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
ডলি বলেন, “নৌকা হল স্বাধীনতার প্রতীক। ঢাকা শহরে কোনো জানজট থাকবে না, রেলপথ হবে জাপানের মতো। তাই উন্নয়নের গতি ধরে রাখতে আমি নৌকায় ভোট দেব।”
সভায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং তাদের উৎসাহিত করার আহ্বান জানান সভায়।
তার আগে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন মো. আ. রাজ্জাক। তিনিও নৌকার পক্ষে ভোট চান৷
বক্তব্য দিতে উঠে আসাদুজ্জামান কামাল ভোট চাওয়ার চেয়ে বেশি জোর দিলেন নির্বাচন অংশগ্রহণমূলক করতে। ভোট দিতে কেন্দ্র আসতে আহ্বান জানালেন সবার প্রতি।
তিনি বলেন, যারা আলোকিত লোক তারাই নৌকার সাথে থাকে। আওয়ামী লীগ একমাত্র দল, যে দলটি মানুষের কথা বলে।
“পরিবারের সবাইকে নিয়ে সময়মত সবাই ভোট দেবেন। নৌকাকে আবারও জয়ী করে আমাদের বোঝাতে হবে, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।”
