খালেদা জিয়াকে ‘বিশেষায়িত’ চিকিৎসা থেকে ‘বঞ্চিত’ করা হচ্ছে: খসরু
“ক্ষমতাসীনরা ভীত, শঙ্কিত হয়ে উনাকে আটকিয়ে রেখে রাজনীতিতে সম্পৃক্ত হতে দিচ্ছে না,” বলেন এ বিএনপি নেতা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বিশেষায়িত’ চিকিৎসা থেকে সরকার ‘বঞ্চিত’ করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “উনাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, উনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। কারণ উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না।”
রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “উনার বিদেশে যে স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, যে স্পেশালাইজড হসপিটাল দরকার- সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। বারবার বলার পরেও উনার বিদেশে উন্নত চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন পরামর্শে যা বলেছেন, সেটাকে তারা (সরকার) গ্রাহ্য করছে না।”
তিনি বলেন, “এদেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে রাজনৈতিক কর্মী পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে সেখানে থেকে বঞ্চিত করা হচ্ছে। উনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।”
খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টায় সরকার সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, “কারণ আজকে দেশের মানুষ খুব ভালোভাবে জানেন যে- উনাকে কেন জেলে রাখা হয়েছে, উনাকে কেন মিথ্যা মামলা সাজিয়ে সাজা দেওয়া হয়েছে, উনাকে কেন চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।
“উনাকে এই অবস্থায় রেখে আবারও তারা ক্ষমতা দখল করতে চাচ্ছে- তার প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে, তার জবাব বাংলাদেশের মানুষ দেবে- এটাই ওদের (সরকার) ভয়।”
বিএনপি নেতা খসরুর অভিযোগ, “দেশনেত্রীকে জেলে দিয়েও ওরা রক্ষা পাচ্ছে না, জেলে দিয়েও ওরা নিপীড়ন-নির্যাতন-খুন-মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। আজকেও ওরা চট্টগ্রামে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারা বোমা ফাটিয়ে, আগুন লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।
“এর উদ্দেশ্য একটাই- জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করা, ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করা।”
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে চলমান যুগপৎ আন্দোলন বেগবান করার কৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবদুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আমীর খসরু ছাড়াও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন বলেন, “আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আমরা সকল কর্মসূচি ধারাবাহিকভাবে যুগপৎভাবে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করেই তারপরে রাজপথ থেকে ঘরে ফিরে যাব- এই সরকারের পতন ঘটিয়ে।”
