১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদির জানাজা: যাওয়া-আসা করা যাবে যেসব পথে

কোনো ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

হাদির জানাজা: যাওয়া-আসা করা যাবে যেসব পথে
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 11:56 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার যোহরের নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির জানাজা হবে। 

জানাজায় প্রচুর মানুষ হবে, এই সম্ভাবনা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ বন্ধ করে কয়েকটি বিকল্প সড়ক বাতলে দিয়েছে পুলিশ। 

জানাজায় কোনো ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানিয়েছি পুলিশ। 

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার যোহর নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় বিপুল মানুষের সমাগম হবে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। 

জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে বিকল্প কয়েকটি সড়ক ব্যবহার করতে বলেছে পুলিশ। এর মধ্যে রয়েছে- 

>> মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহনগুলোকে গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে বলা হয়েছে।

>> ফার্মগেট থেকে যাওয়ার ক্ষেত্রে যানবাহন গুলোকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ের পর বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে যেতে বলা হয়েছে।

>> ধানমন্ডি, আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহনগুলোকে কিছুটা ঘুরে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করতে বলা হয়েছে।

>> এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনগুলোকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড হয়ে বামে মোড় নিয়ে আসাদগেট থেকে সোজা পথে ধানমন্ডির দিকে যেতে বলা হয়েছে।

শনিবার আসাদগেট ক্রসিংয়ে কোনো ব্যারিকেড থাকবে না। ফলে মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানাবাহনগুলোকে মানিক মিয়া এভিনিউতে গিয়ে ইউটার্ন নিতে হবে না। যানবাহন গুলো মিরপুর রোড থেকে দক্ষিণ দিকে শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে জানাজা নামাজের সময় ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে।