২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর মহানুভবতা টের পাচ্ছে না বিএনপি: তথ্যমন্ত্রী

“খালেদা জিয়ার থাকার কথা কারাগারে, বাইরে থাকার কথা নয়,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:08 AM

Updated : 06 Oct 2023, 12:08 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা বিএনপি নেতারা টের পাচ্ছেন না বলে মনে করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। খালেদা জিয়ার মুক্তির আদেশ বাতিল করলে দলটি বঙ্গবন্ধুকন্যার মহানুভবতা উপলব্ধি করবেন বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে কনফেডারেশন অব ফিল্ম, টিভি অ্যান্ড ডিজিটাল মিডিয়া প্রফেশনালসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, খালেদা জিয়ার থাকার কথা কারাগারে, বাইরে থাকার কথা নয়। তিনি শাস্তিপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত রেখে তাকে বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন। বেগম জিয়ার পরিবারের সদস্যরা তার সাথে নিয়মিত দেখা করে, যোগাযোগ করে এবং তার দলের নেতারাও যায়। এটি শেখ হাসিনার একটি বড় মহানুভবতা।

“মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতাদের শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। উনারা বুঝি সেটি টের পাচ্ছেন না যে, প্রধানমন্ত্রী কি রকম মহানুভবতা দেখিয়েছেন। তাকে বাইরে থাকার ব্যবস্থাটা যদি বাতিল করা হয় তখন সম্ভবত তারা টের পাবেন যে বেগম জিয়ার জন্য কী পরিমাণ মহানুভবতা শেখ হাসিনা দেখিয়েছেন।”

হাছান মাহমুদের ভাষ্য, খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকলে শেখ হাসিনার প্রতি মহানুভবতা দেখাতেন না। যেখানে তার বাড়ির সামনে গিয়ে শেখ হাসিনা দাঁড়িয়ে থাকার পর দরজা খোলেন নাই। যেখানে ১৫ অগাস্ট জন্মদিন না হওয়ার পরও তিনি কেক কাটেন, যেখানে ২০০৪ সালে গ্রেনেড হামলার পর সেটা নিয়ে হাস্যরস করেন, সেখানে বেগম জিয়া এ ধরনের সহানুভূতি দেখাতেন না, সেটা খুবই স্পষ্ট।”

এদিন জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও কনফেডারেশনের সভাপতি সাদেক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর অপুর নেতৃত্বে সংগঠনটির নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নয় দফা দাবি সম্বলিত চিঠি হস্তান্তর করেন। তথ্যমন্ত্রী দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid035Tcxj8hBH1EbCj3Dq9ZCxDAoebz9YMEqvpqMToLcqgjRTdrnLZv31vn8rbAcze4vl