Published : 25 Jan 2026, 12:26 PM
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম অথবা দেশের যে প্রান্তেই জনসভা, খেলা হোক না কেন, সেখানে দেশের বা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে হাজির হন প্রদীপ দাশ।
গেল দুই দশক ধরে পতাকা বিক্রি করেই সংসার চালাচ্ছেন তিনি। রোববার চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশ ঘিরে টাইগারপাস সড়কে পতাকা বিক্রি করতে দেখা যায় প্রদীপকে।
সমাবেশে আসা লোকজকে প্রদীপের কাছ থেকে বিএনপি লোগো, প্রতীক ও দলীয় প্রধানের ছবি সম্বলিত পতাকা কিনছেন আবার অনেকে সেখানে গিয়ে পতাকা ধরে ছবিও তুলেছেন।
কুমিল্লার মুরাদনগরে প্রদীপেরবাড়ি হলেও থাকেন ঢাকার কদমতলীতে। ঢাকা শহরে ঘুরে ঘুরেও পতাকা বিক্রি করেন তিনি।
দুই মেয়ে এক ছেলের বাবা প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই পেশা তিনি বেছে নিয়েছেন ২০০৬ সাল থেকে।
তার কথায়, ঢাকা বা রাজধানীর বাইরে সারা বছরইতো কোনো না কোনে সভা সমাবেশ বা খেলা থাকেই; সেগুলোতে তার বেচাবিক্রিও মন্দ হয় না।।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশেও পতাকা বিক্রির অভিজ্ঞতা আছে বলে জানিয়েছে প্রদীপ।
আগেও বিভিন্ন সময়ে চট্টগ্রামে এসেছেন জানিয়ে প্রদীপ বলেন, “বছর দশেক আগে যখন এখানে খালেদা জিয়ার সমাবেশ হয়েছিল তখনো এসেছিলাম, শেখ হাসিনার সমাবেশেও আসছিলাম। আর ক্রিকেট খেলায় তো আসিই... যেহেতু এটা পেশা তাই যখনই যার বড় সমাবেশ কিংবা খেলা থাকে তখনই আসি।
"গতকাল রাতে নয়টায় চট্টগ্রামে আসছি। কোথাও না থেকে সরাসরি মাঠের কাছে চলে আসি রাত থেকেই বিক্রি হচ্ছে। সকাল থেকে বেড়েছে।"
প্রদীপের কথায় জানা গেল, গেল ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান ঢাকার তিনশ ফিটের সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর, তিন দিন ধরে সেখানে ছিলেন তিনি।
“ সিলেটেও ছিলাম দুই দিন। বেচাবিক্রি ভালো হয়েছে।”
এদিকে চট্টগ্রামের সমাবেশ শেষে সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি ও রাতে কাচপুরের নির্বাচনি সভায়ও পতাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা রেখেছেন প্রদীপ।
"রাতে কাচপুরে বিক্রি শেষে ঢাকায় বাসায় চলে যাব।"
দেশে ফেরার ঠিক একমাস পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান।
সমাবেশ ঘিরে দেখা গেছে উৎসবের আমেজ।
জনসভা ঘিরে ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ব্যানার ফেস্টুন, রঙ বেরঙের পোশাক পরে, বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে লোকজন আসছেন সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ ভরে যায়।