নারায়ণগঞ্জে নিহত শাওনকে স্মরণ বিএনপির
“কী অমানবিক, কী হৃদয় বিদারক যে শাওনের লাশটিকেও এই সরকার তার পরিবারের কাছে হস্তান্তর করে নাই,” বলেন ফখরুল।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে নিহত রাজা আহমেদ শাওনকে গায়েবানা জানাজার মধ্য দিয়ে স্মরণ করেছে বিএনপি।
শুক্রবার জুমার পর ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ভোলাতে নূরে আলম ও আবদুর রহিমের প্রাণ গেল; গতকালও নারায়ণগঞ্জে আমাদের আরেক ভাই শাওনের প্রাণ গেলো রক্ত ঝরল।
“বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, কোনো কর্মসূচি ছিল না সরকারের বিরুদ্ধে; সেই প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসচিতে সারাদেশে অসংখ্য জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে। নারায়ণগঞ্জের শাওন শাহাদাত বরণ করেছেন।”
যুবদল নেতা শাওনের এই ‘আত্মত্যাগ’ বিএনপিকে আরও শক্তিশালী করবে মন্তব্য করে তিনি বলেন, “গণতন্ত্রের মুক্তির জন্য যে সংগ্রাম শুরু করেছি, যে লড়াই আমরা শুরু করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে লড়াই আমরা শুরু করেছি। আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের দেশের সমগ্র জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ।
“শাওনকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তার শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব এবং সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা ওদের পরাজিত করতে সক্ষম হব।”
শুক্রবার সকালে নারায়ণগঞ্জে শাওনদের বাড়িতে গিয়ে তার মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়ে ফখরুল বলেন, “সে (শাওন) একটি ওয়েলডিং কারখানায় ওয়েলডিংয়ের কাজ করত এবং যুবদলের সক্রিয় কর্মী ছিল। কী অমানবিক, কী হৃদয় বিদারক যে শাওনের লাশটিকেও এই সরকার তার পরিবারের কাছে হস্তান্তর করে নাই।
“রাত ২টার সময় পুলিশ পাহারায় তার লাশ নিয়ে গিয়ে সেখানে দাফন করেছে। তার দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও তার বন্ধুদের কাউকে সেই জানাজায় অংশ নিতে দেয়নি।”
আওয়ামী লীগ সরকার ‘গুম-খুন-হত্যার মধ্য দিয়ে’ বিরোধী দলকে ‘নিশ্চিহ্ন’ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
শাওন ‘হত্যার প্রতিবাদে’ শুক্রবার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, বাদ জুম্মা সারাদেশে গায়েবানা জানাজা এবং শনিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আর জাতীয়তাবাদী যুবদল রোববার প্রতিবাদ সমাবেশ করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উ্ল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মফিকুল হাসান তৃপ্তি, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী, খন্দকার আবু আশফাক, মহানগরের রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুতফর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়া পল্টনের গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি মহাসচিব শাওনের পরিবারের সঙ্গে দেখা করে তার কবর জিয়ারত করেন। যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।
আর শাওনের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।
