২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে জেলা-উপজেলায় আর সম্মেলন করবে না আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 09:05 PM

Updated : 23 Jun 2023, 11:44 AM

জাতীয় সংসদ নির্বাচনের আগে ছয় মাসের কম সময় হাতে থাকায় আপাতত সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে আর কোনো সম্মেলনে যাচ্ছে না আওয়ামী লীগ।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান।

২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ ২২তম জাতীয় সম্মেলন হয়। এর পরে এখনও পর্যন্ত কোনো জেলা সম্মেলনের আয়োজন করেনি আওয়ামী লীগ।

তবে ২২তম জাতীয় সম্মেলনের আগে হয়ে যাওয়া জেলা সম্মেলনে প্রায় ৩০টি পূর্ণাঙ্গ কমিটি করেছে নতুন নেতৃত্ব।

যেসব জেলা উপজেলার সম্মেলন হয়েছে, সেগুলো পূর্ণাঙ্গ করতেও তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ।

বৈঠকে দলীয় অনেক সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেখা যায় নির্বাচনী আসনগুলোতে তিন/চারজন প্রার্থী হয়ে বর্তমান সংসদ সদস্যের চরিত্রহননে ব্যস্ত থাকে। যারা এমপিদের বিরুদ্ধে বিষোদ্গার করে আওয়ামী লীগ তথা সরকারকে বিতর্কিত করতে চায়, তারা যাই হোক না কেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবে না।

“যারা যোগ্য, যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, জনগণ যাকে পছন্দ করে, অর্থাৎ, যারা অধিকতর গ্রহণযোগ্য, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। এর জন্য দলের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।”