২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ভাঙার চেষ্টায় সরকার নেই: নাসিম

বিএনপিকে ‘শেষ’ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে খালেদা জিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

“সরকার কেন বিএনপিকে ভাঙতে যাবে”- মোহাম্মদ নাসিমের পাল্টা প্রশ্নের সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি যদি কখনও ভাঙে বা ভাঙনের সুর বাজে, সেটির জন্য দলের নেতাদের অন্তর্কলহই দায়ী।”

খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার ঢাকায় নাসিম এবং ফেনীতে ওবায়দুল কাদেরর এই প্রতিক্রিয়া আসে। এই দুই মন্ত্রীই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করবে কেন?

“যে দলে গণতন্ত্র নেই, যে দল চলে মা ও ছেলের সিদ্ধান্তে, দলীয় নেতা-কর্মীদের ভূমিকা নেই, সে দল সম্পর্কে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই।”

শনিবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে এখনও সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। সেজন্য একে শেষ করতে তারা (সরকার) উঠে পড়ে লেগেছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যাওয়া স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাংবাদিকদের বলেন, “সরকার কেন বিএনপিকে ভাঙতে যাবে?

Image
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

“আপনি (খালেদা জিয়া) বলেছেন, বিএনপি জনপ্রিয় দল। আপনার দল যদি এতই জনপ্রিয় হয়, তাহলে আপনার দল ভাঙবে কেন?”

মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে নাসিম বলেন, “মন্ত্রিসভার রদবদলের বিষয়ে একমাত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর। তিনি ঠিক করবেন মন্ত্রিসভার রদবদল হবে কি না বা কখন হবে।”

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিতে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখার সময় বিভিন্ন রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।

ফেনীতে একটি প্রকল্প উদ্বোধন করতে যাওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে। বিএনপির সরকারের জন্য এ মুহূর্তে কোনো অস্বস্তির কারণ নয়।

Image
ফেনীতে ওবায়দুল কাদের

ফেনীতে ওবায়দুল কাদের

“বিএনপি যদি কখনও ভাঙে বা ভাঙনের সুর বাজে, সেটির জন্য দলের নেতাদের অন্তর্কলহই দায়ী।”

মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তনের আভাস তিনি পাননি বলে জানান ওবায়দুল কাদের।

ফেনীর লালপোলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন প্রকল্পের আওতায় ৩৩টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। লালপোলেরটি খুলে দেওয়ার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হল।

পুরনো খবর:

দল গুছিয়ে আবার আন্দোলন: খালেদা