তরিকুল ফের অসুস্থ
ফের অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে।
তরিকুল কিছুদিন আগেও হাসপাতালে ছিলেন। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানীর শান্তিনগরের বাসায় ফিরেছিলেন তিনি।
কিন্তু বাসায় ফের অসুস্থ হয়ে পড়লে সোমবার বিকালে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় বলে তার ছেলে অনিন্দ্র ইসলাম অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তরিকুল ইসলাম
গত ১১ জুলাই অসুস্থাবস্থায় তরিকুলকে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের অনুমতি নিয়ে ঈদের দুদিন আগে স্বজনরা তাকে বাসায় নিয়েছিল।
অমিত বলেন, “বাবার হৃদযন্ত্রে তিনটি রিং পরানো আছে। নতুন করে ব্যথা অনুভব করায় চিকিৎসকরা ধারণা করেছেন, তার হৃদযন্ত্রে আরও একটি ব্লকের সৃষ্টি হয়েছে। কিন্তু ক্রিয়েটেনিনের মাত্রা বেড়ে যাওয়ায় এনজিওগ্রাম করার সিদ্ধান্ত চিকিৎসকরা নিতে পারছেন না।”
বর্তমানে তরিকুল ইসলাম অধ্যাপক আবদুর রশীদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করেছে।
সাবেক মন্ত্রী তরিকুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে। ওই সব মামলায় গত ৮ জুলাই জামিন নিয়ে তিনি যশোর থেকে ঢাকায় আসার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
চারদলীয় জোট সরকারের আমলের তরিকুল ইসলাম তথ্য, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
