৫২ মামলা: তিন বিএনপি নেতার জামিন স্থগিতের আবেদন
নাশকতার ৫২ মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানের আগাম জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ স্হগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন করা হয়, যার ওপর ২১ জুলাই শুনানি হতে পারে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগাম জামিন স্থগিত চেয়ে আবেদনগুলো করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালত আগামী ২১ জুলাই বসবে। ওই দিন এসব আবেদনের শুনানি হবে।”
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বিএনপির এই তিন নেতাকে গত ৯ জুলাই চার সপ্তাহের আগাম জামিন দেয়।
বিএনপির যুগ্মমহাসচির আমানউল্লাহ আমান গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পান ৯ মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।
আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান পল্টন থানার এক মামলায়।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম ওইদিন যশোরের চার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান।
বিএনপি নেতাদের অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন জানান, তরিকুল ইসলামের চার মামলা ছাড়া ৫২ মামলায় তিন নেতার আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।
