আত্মসমর্পণের পর কারাগারে মিনু
বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু আদালতে আত্মসমর্পণের পর নাশকতার ছয় মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রাজশাহীর সাবেক মেয়র মিনু মহানগর বিএনপির সভাপতির দায়িত্বেও আছেন। নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে নাশকতার সাত মামলায় জামিন চাইতে সোমবার দুপুরে তিনি হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
এর মধ্যে মতিহার থানার তিনটি মামলায় মহানগর হাকিম জয়ন্তী রাণী দাস এই বিএনপি নেতার জামিন নাকচ করে দেন।
অন্যদিকে মহানগর হাকিম মোকসেদা আজগর বোয়ালিয়া থানায় চার মামলার মধ্যে তিনটিতে মিনুর জামিন নাকচ করেন।
আর পুলিশের দিকে বোমা হামলার ঘটনায় দায়ের করা আরেক মামলায় মিনু আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন বলে তা বহাল রাখেন বিচারক।
জামিন নাকচ হওয়ায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে সোমবার কারাগারে পাঠানো হয়
বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু সোমবার রাজশাহীর আদালতে আত্মসমর্পন করেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকসহ প্রায় শ’ খানেক নেতাকর্মী ও আইনজীবী মিনুর জামিন আবেদনের শুনানির সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাতায় বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।
