২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’

নাশকতার আরও তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 11:17 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

হাই কোর্টের দেওয়া জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এর ফলে এই বিএনপির নেতার মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের এই জামিন দেওয়া হয়েছে।  

পল্টন থানার এই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।

এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাই কোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে।

আর পল্টন থানার এই তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়।

সে অনুযায়ী পীরক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার আদালতে প্রতিবেদন দেয়।   

সোমবার আপিল আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজউদ্দিন ফকির এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল ও খোন্দকার দিলীরুজ্জামান।

আদেশের পর জয়নুল আবেদীন বলেন, “মির্জা ফখরুলের বিরুদ্ধে সাতটি মামলার সবগুলোতেই জামিন হয়েছে। তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।”   

খন্দকার মাহবুব বলেন, “মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, মির্জা ফখরুলের উন্নত চিকিৎসা দরকার। ফলে চিকিসার জন্য তার বিদেশে যেতে এই মুহূর্তে বাধা নেই।”

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, “মির্জা ফখরুলের মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আপিল বিভাগ ছয় সপ্তাহের জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারেন। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।”

স্বাস্থ্যগত দিক বিবেচনায় এই জামিন হওয়ায় ফখরুল অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন না বলে মনে করেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা।

পুরনো খবর:

নির্ধারিত সময়েই ফখরুলের মেডিকেল রিপোর্ট আদালতে
ফখরুলের স্বাস্থ্য পরীক্ষায় ফের বোর্ড গঠনের নির্দেশ