নির্ধারিত সময়েই ফখরুলের মেডিকেল রিপোর্ট আদালতে
নির্ধারিত দিনেই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সুপ্রিম কোর্টে পৌঁছেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার এই প্রতিবেদন দেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, “আদালতের নির্দেশ অনুসারে মেডিকেল বোর্ড গঠন এবং প্রতিবেদন সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে।”
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে তিন মামলায় মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের (লিভ টু আপিল) ওপর আদেশের বিষয়টি সোমবার কার্যতালিকার রয়েছে।
গত ৯ জুলাই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফখরুলের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য বোর্ড গঠনের নির্দেশ দিয়ে ১২ জুলাই বিকাল ৩ টার মধ্যে প্রতিবেদন দিতে বলে।
ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই চিকিৎসাধীন। ওই হাসপাতালেই গত ৫ মে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার পর ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার সমস্যা ‘গুরুতর নয়’ বলে জানিয়েছিল।
এর এক মাসের মাথায় ফখরুল কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে ১৩ জুন তাকে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এরপর পল্টন থানায় নাশকতার তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট ফখরুলকে অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু সেই জামিনের জন্য চিকিৎসকদের যেসব নথি তার আইনজীবীরা আদালতে দিয়েছিলেন, তা পুরনো দাবি করে চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলে গত ৫ জুলাই প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি হয়। সর্বোচ্চ আদালত তিন সদস্যের ‘মেডিকেল বোর্ডে’ ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলে।
সে অনুযায়ী বঙ্গবন্ধু মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর ৯ জুলাই তা আপিল বেঞ্চে উপস্থাপন করা হয়।
পরে আপিল বিভাগ কার্ডিওলজির একজন, ভাস্কুলার সার্জারির দুইজন, রেসপিরেটরি মেডিসিনের একজন এবং জেনারেল সার্জারির একজন বিশেষজ্ঞ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার এই নির্দেশ দেয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিচারিক আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে যান ফখরুলের আইনজীবীরা। এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।
এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাই কোর্ট। আর পল্টন থানার তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয় ২১ জুন।
রাষ্ট্রপক্ষ ১৮ জুনের আদেশ স্থগিতে আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে। বর্তমানে ২১ জুনের আদেশের বিষয়টি আপিল আদালতের বিবেচনাধীন।
