২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানাহানির রাজনীতি আর নয়: মুস্তফা কামাল

‘হানাহানিমুক্ত রাজনীতি’ করতে বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে আইসিটি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে অর্থবহভাবে পৌঁছে দিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হানাহানিমুক্ত রাজনীতি করতে হবে।

“বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। অর্থনীতিকে আরও বেগবান করতে আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রাতৃত্ববোধ। জনমত নির্বিশেষে দেশের মানুষের মধ্যে একে অপরের প্রতি গভীর মমত্ববোধ দেখাতে হবে। আর কোনো হানাহানি নয়।”

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, “অর্থনীতির এগিয়ে যাওয়ার নিয়ামকগুলোই রাজনীতিকে পরিচালিত করে। রাজনীতিকে এখন অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করার সুযোগ করে দিতে হবে।”

নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ার পেছনে বাংলাদেশের সব মানুষের অবদান রয়েছে উল্লেখ করে মুস্তফা কামাল  বলেন, “এ অর্জন দেশের সব মানুষের অংশীদারিত্বের মাধ্যমেই হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল এবং উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।