২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দল ভাঙার শঙ্কায় খালেদা কোথাও যাচ্ছেন না’

দল ভাঙার আশঙ্কায় খালেদা জিয়া কোথাও যাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসায় জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া এখন আতংকিত বিএনপির নেতা-কর্মীরা যেভাবে অনাস্থা ব্যক্ত করেছেন তার নেতৃত্বও প্রতি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে বিএনপি ভেঙে যেতে পারে। দল ভাঙার আশঙ্কায় খালেদা জিয়া কোথাও যাচ্ছেন না।”

বিএনপি ভাঙ্গতে আওয়ামী লীগ লাগবে না মন্তব্য করে তিনি বলেন, “বিএনপির সিনিয়র নেতারাই বর্তমান নেতৃবৃন্দের প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবছর রোজার শেষভাগে ওমরাহ করতে সৌদি আরবে গেলেও এবার শেষ মুহূর্তে সফর বাতিল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, কারাবন্দি নেতা-কর্মীদের কথা ‘বিবেচনা করেই’ এই সিদ্ধান্ত।

হানিফ বলেন, আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতি করে না। বরং বিএনপি দল ভাঙার রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দলছুটদের নিয়ে বিএনপি তৈরি করেছিল, ভাঙা-গড়া তারাই করেছিল, আওয়ামী লীগ করেনি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোন কারণ বা সুযোগ নেই।”

“যে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্য পরিবর্তন করেছে সে সরকারের মধ্যবর্তী নির্বাচনের কি দরকার আছে?”

দেশের জনগণ মধ্যবর্তী নির্বাচন চায় না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচন ২০১৯ সালে যথা সময়েই অনুষ্ঠিত হবে।”

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।