২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে সময় দিতেই আশরাফের ভার লাঘব: কাদের

দলে আরও বেশি সময় দেওয়ার জন্যই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রির দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে মনে করছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 01:10 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

সৈয়দ আশরাফকে হঠাৎ দপ্তরবিহীন মন্ত্রী করার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে এ প্রসঙ্গে কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী কাদের, যিনি নিজেও একসময় সাধারণ সম্পাদক পদের দাবিদার ছিলেন।

কাদের বলেন, “হয়ত তিনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন, সে (সৈয়দ আশরাফ) অতিরিক্ত ভার বহন করছেন। দলে আরও ভাল করে বেশি সময় দেওয়ার জন্য এটা (দপ্তরবিহীন করা) হতে পারে।”

দুদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে দেওয়া হয় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব।

মন্ত্রণালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে অনুপস্থিতি নিয়ে আশরাফের সমালোচনা ছিল দলে। গত  মঙ্গলবার একনেক বৈঠকে আশরাফকে না দেখে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের বন্দি হওয়ার প্রেক্ষাপটে দলে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ভার আসে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী সৈয়দ নজরুলের ছেলে আশরাফের উপর। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদেরের নাম তার আগে আলোচিত হলেও তার ভাগ্যে সিকে ছেঁড়েনি।

মন্ত্রী হিসাবে কাজের ধরণ নিয়ে গত বছর আওয়ামী লীগের এ দুই প্রভাবশালী নেতার মধ্যে তীর্যক মন্তব্যবিনিময় হলে বিষয়টি গণমাধ্যমে নতুন আলোচনার জন্ম দেয়।  

তবে শুক্রবার বাবুবাজার সেতু এলাকা পরিদর্শনে গিয়ে আশরাফকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি দিয়েছেন সাবধানী ভঙ্গিতে।

কাউকে কোনো পদে রাখা না রাখাকে ‘প্রধানমন্ত্রীর এখতিয়ার’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “সরকার প্রধান যাকে প্রয়োজন মনে করেন তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। আর সরিয়ে দেওয়ার প্রয়োজন মনে করলে তাকে সরিয়ে দেন।”

সাধারণ সম্পাদককে দপ্তরবিহীন মন্ত্রী করায় দলে কোনো বিরূপ প্রভাব ‘পড়বে না’ বলেও মন্তব্য করেন কাদের।

তিনি বলেন, “ভালো-খারাপ এ কয় বছর দেশ পরিচালনায় আপনারা দেখেছেন। তার (প্রধানমন্ত্রী) কোনো সিদ্ধান্ত বেঠিক হয়নি।”

পুরনো খবর:

বিশ্বস্ত আশরাফকে দপ্তরছাড়া করলেন হাসিনা
থ মেরে গেছেন আওয়ামী লীগ নেতারা