ফখরুলের স্বাস্থ্য প্রতিবেদন আদালতে
তিন মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে সিদ্ধান্তের জন্য তার ‘মেডিকেল রিপোর্ট’ সুপ্রিম কোর্টে পৌঁছেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আদেশের জন্য বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে।
এর আগে ৫ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন সদস্যের ‘মেডিকেল বোর্ড’ গঠন করে বুধবার প্রতিবেদন দিতে বলে আপিল বিভাগ।
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল রিপোর্টটি আদালতে পৌঁছেছে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে।”
ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জামিন থাকবে কিনা, তা নির্ভর করছে এই প্রতিবেদনের ওপর।
পল্টন থানায় করা তিন মামলায় গত ২১ জুন হাই কোর্ট মির্জা ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চাইলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিচারিক আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে যান ফখরুলের আইনজীবীরা।
এর মধ্যে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান মির্জা ফখরুল।
এরপর পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার এক মামলায় ১৮ জুন পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেয় হাই কোর্ট।
আর পল্টন থানার অন্য তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয় ২১ জুন।
রাষ্ট্রপক্ষ ১৮ জুনের আদেশ স্থগিতে আপিল বিভাগে গেলে সেখানেও ফখরুলের জামিন বহাল থাকে। বর্তমানে ২১ জুনের আদেশের বিষয়টি আপিল আদালতের বিবেচনাধীন।
