একদলীয় শাসনের ষড়যন্ত্র হচ্ছে: বিএনপি
রাজনৈতিক সংকট সৃষ্টি করে সরকার দেশে ‘একদলীয় শাসন’ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে তাতে লক্ষণ ভালো দেখছেন না তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ-সিএনএসের উদ্যোগে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন দলটির এই নেতা।
নজরুল ইসলাম খান বলেন, “বার বার যারা গণতন্ত্র হত্যা করেছে, কিংবা গণতন্ত্রের বিপক্ষের অবস্থানকে সমর্থন করেছে, তারা যখন আবার জনগণের অধিকার অস্বীকার করে, মানবাধিকার লঙ্ঘন করে এবং আইন, প্রশাসন, বিচার বিভাগ সব কিছুকেই কুক্ষিগত করে, তখন এই সন্দেহ করা বিচিত্র নয় যে, আজকের সৃষ্ট রাজনৈতিক সংকটের লক্ষ্য হলো একদলীয় শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়া।”
চলমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
‘পলিটিক্যাল ক্রাইসিস অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা বলতে চাই, দেশে বর্তমান লক্ষণটা ভালো দেখা যাচ্ছে না। কাজেই যারা সচেতন, যারা দেশটাকে ভালোবাসেন, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা আইনের শাসনে বিশ্বাস করেন, তাদের একটা ভূমিকা আছে, দায়িত্ব আছে। দয়া করে সেই দায়িত্ব পালনে উদ্যোগী হউন।”
বর্তমানে দেশ ‘রাজনৈতিক সংকটের’ মধ্যে চলছে মন্তব্য করে তিনি বলেন, “গণতন্ত্রকে অস্বীকার করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কখন এটা করা হয়? যখন একটা বিশেষ উদ্দেশ্য থাকে। একদলীয় শাসনের দিকে চলে যাওয়ার একটা চেষ্টা চলছে।”
অতীতেও আওয়ামী লীগ গণতন্ত্রের নামেই রাষ্ট্র ক্ষমতায় এসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিএনপি পন্থি সাংবাদিক শফিক রেহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাউয়ুম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, অবসরপ্রাপ্ত মেজর শাফাওয়াত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।
