নিম্ন আদালতকে সরকারের কথা শুনে চলতে হচ্ছে: খালেদা
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের উপর ‘প্রভাব খাটানোর’ অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমানে নিম্ন আদালতকে সরকারের কথা শুনে চলতে হচ্ছে বলে দেশে দুই ধরনের বিচার হচ্ছে।
বুধবার ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আজ বিচার বিভাগ স্বাধীন নয়। প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন, তারা নিয়ন্ত্রিত। নিম্ন আদালতকে সরকারের কথা শুনে চলতে হচ্ছে। বিচারক যাদের বসিয়েছে সব দলীয়। সেজন্য আজ বিচার হচ্ছে দুই রকমের। আওয়ামী লীগের লোকজন অপরাধ করলে তারা মাফ পায়, জামিন পায়।
“আর বিএনপি বা অন্য দলের লোকেরা হলে তারা মাফও পাবে না, জামিনও পাবে না। তাদের শাস্তি খাটতে হবে। বিনা দোষে তাদের সাজা ভোগ করতে হবে।”
দেশের এই অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেত্রী।
খালেদা জিয়া বলেন, “বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে যারা হয়রানি করছে, বিচারকরা তার বিচার করতেন।”
বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলনে পুলিশ ‘নাশকতা ঘটিয়ে’ তাদের নেতাকর্মীদের আসামি করেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “২০ দলীয় জোটের বহু নেতা-কর্মী কারাগারে। মামলা-মোকদ্দমার ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে আছে। মামলা-মোকাদ্দমা কী? তারা নাকি গাড়ি জ্বালিয়ে, পেট্রোল বোমা মেরেছে। অথচ পুলিশ নিজে বলেছে, তারা পেট্রোল বোমা মেরেছে।
“পেট্রোল বোমা মারে তারা, গাড়ি জ্বালায় তারা, আগুন দেয় তারা। তারা (পুলিশ) এ সরকারকে আন্দোলনের হাত থেকে, পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এটা পুলিশের নিজেদের স্বাকারোক্তি।”
চলতি বছরের প্রথম তিন মাস সারাদেশে লাগাতার অবরোধ-হরতাল করে বিএনপি-জামায়াত জোট। তাদের এই কর্মসূচি চলাকালে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, হাতবোমার বিস্ফোরণসহ নাশকতার নানা ঘটনায় ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান। এ সময় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হন হাজারের বেশি মানুষ।
বুধবার সোনারগাঁও হোটেলের বলরুমে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের উদ্যোগে এই ইফতার পার্টি হয়। প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া এই ইফতারে অংশ নেন।
বুধবার সোনারগাঁও হোটেলের বলরুমে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ইফতার পার্টিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
“পুলিশ যদি বলে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি। যার জন্য তারা (পুলিশ) আজ ফ্রি হ্যান্ড পেয়ে গেছে। মনে হচ্ছে পুলিশ রাষ্ট্র চালাচ্ছে। তারা যা বলছে, সেটা শুনতে বাধ্য হচ্ছে সরকার,” বলেন তিনি।
বতর্মানে বাংলাদেশ ‘গণতান্ত্রিক নয়, পুলিশি রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
এলডিপির অলি আহমেদ, জাতীয় পার্টির(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীব নেওয়াজ, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রভাষ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল’র সা্ইফুদ্দিন আহমেদ মনি, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাকে নিয়ে এক টেবিলে বসে ইফতারে করেন জোট নেত্রী খালেদা জিয়া।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, “পঁচা গম আমদানি করে সরকার মানুষকে খাওয়াচ্ছে। ওই গম গো-খাদ্যের উপযুক্ত নয়। ওই গম মানুষকে খাইয়ে মারতে চায়। এভাবে তারা (সরকার) কোটি কোটি টাকা বানিয়ে তা বিদেশে পাচার করছে।
“মানিলন্ডারিংয়ে সরকারের লোকজনই জড়িত। অথচ তাদের ধরা হয় না, তাদের বিচার হয় না। রোজার মাসে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের কঠিন শাস্তি দেন।”
ইফতার শুরুর আগে অনুষ্ঠানস্থলে টেবিলে টেবিলে গিয়ে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, ২০ দলীয় জোটের রেদোয়ান আহমেদ, খন্দকার লুৎফর রহমান, রিদওয়ান উল্লাহ শাহিদী, হামদু্ল্লাহ আল মেহেদি, গোলাম মোস্তফা ভুঁইয়া, এমএম আমিনুল ইসলাম, সৈয়দ মাহবুব হোসেন, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এমএম বাহাউদ্দিন, কলামনিস্ট মাহফুজউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জার্মানির বকহ্যামের রুহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাবরিনা যাজাকও ইফতারে অংশ নেন।
এনপিপির প্রেসিডিয়াম সদস্য আ স ম জহির হোসেন হাকিম, এমএ অহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান, মহানগর সাধারণ সম্পাদক এ কে এম নজরুল হকসহ কেন্দ্রীয় নেতারা ইফতারে ছিলেন।
