স্বাস্থ্যে বরাদ্দ নিয়ে উষ্মা রুস্তম ফরাজীর
স্বাস্থ্যখাতের বরাদ্দ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি বলেন, “এটা দিয়ে বছরে একটা ট্যাবলেটও কেনা যায় না।”
বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কম উল্লেখের পর স্বাস্থ্যখাতের বরাদ্দ নিয়ে রুস্তম বলেন, “স্বাস্থ্যখাতে বরাদ্দ আরও কম। জিডিপির এক ভাগও না। তিন ভাগের নিচে বরাদ্দ এমন একটা দেশও নাই। সেখানে বরাদ্দ এত কম, যা দিয়ে বছরে একটা ট্যাবলেটও কিনতে পারবে না।”
“যারা হাসপাতালে যায়, তারা বুঝবে কী যন্ত্রণা, কী কষ্ট, কী নির্মমতা।”
শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রীয় আনুকূল্য পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র যা করছে সেটা যথেষ্ট নয়। প্রত্যেকটা জেলায়-বিভাগীয় শহরে সকল ধরনের চিকিৎসার সুযোগ তৈরি করা উচিত।
“বরিশালে কি করা যায়, রংপুরে কি করা, সিলেটে কি করা যায়? সেখানকার রোগীদের যেন ঢাকায় আসা না লাগে। এটা সরকারকে ঠিক করা উচিত ছিল। উপজেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থাও উন্নত করা দরকার।”
“রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত বছর, তার আগের বছর, এর আগের বছরও হয়নি। নতুন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা অর্জনও একটা চ্যালেঞ্জ। আমি অসম্ভব মনে করি না।”
মধ্যম আয় ও উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “এর জন্য আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে।”
উন্নত দেশ হতে বিনিয়োগ বাড়িয়ে দারিদ্র্য দূর করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
জিডিপির ৩৫ ভাগ বিনিয়োগ করা উচিত উল্লেখ করে এই সাংসদ বলেন, অতীতের ১০ বছরের ইতিহাস, ২২ ভাগের বেশি কখনোই বিনিয়োগ হয়নি।
অনেকগুলো ইকোনোমিক জোন করা হচ্ছে উল্লেখ করে ফরাজী সম্ভাব্যতা যাচাই ছাড়া রাজনৈতিকভাবে করলে এসব জোনে বিনিয়োগ হবে না বলে মন্তব্য করেন।
এ বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “বিনিয়োগ বোর্ডকে গতিশীল করতে হবে। বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। ইউটিলিটি সার্ভিসের জন্য বছরকে বছর ঘুরে। বিনিয়োগের পরিবেশ ঠিক রাখার জন্য একটা কমিশন থাকা উচিত।”
তিনি অভিযোগ করেন, যারা উৎপাদন করতে চায়, ব্যবসা করতে চায়, বিনিয়োগ করতে চায়, তারা ব্যাংক ঋণ পায় না। কিন্তু অন্যরা পেয়ে যায়।
“আমাদের অনেক লোক বিদেশে চাকরি করে, তারা এই দেশে মিল কারখানা করতে চায়। পরিবেশ পায় না। সব জেলা-উপজেলায়-অঞ্চলে তাদের ঋণ-নিরাপত্তা-প্রশাসনিক সহায়তা দিয়ে উৎসাহ দিন।”
“বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে দারিদ্র্য কমবে না। একটার সঙ্গে আরেকটা জড়িত।”
উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির উপর গুরুত্বারোপ করে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, “বিদেশে আমাদের জনশক্তির ৬৪ শতাংশ অদক্ষ, আধা দক্ষ।
“আমাদের দারিদ্র্য দূর করতে হলে শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু শিক্ষায়তো এখানে বরাদ্দ কম। জিডিপির অন্তত ৫ ভাগ শিক্ষা খাতে অনেকে বরাদ্দ করে। আমাদের এখানে ২ ভাগের নিচে। তাতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি না।
এর আগে বক্তব্য রাখেন সরকার দলীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। বক্তব্যে তিনি কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণার দাবি জানান।
বাহারের বক্তব্যের পর সংসদ পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মজা করে বলেন, “আমরাও শুনতাম, ওপরে আল্লাহ, নিচে কুমিল্লা, মাঝখানে কিছুদিন মোহাম্মদ উল্লাহ।”
অবশ্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতীয় সংসদেই এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “গোপালগঞ্জকে বিভাগ করার বিষয়টি অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর কুমিল্লা- এই তিনটি বিভাগ করা হবে।”
