২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক একচোখা: বিএনপি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের রক্ষায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘একচোখা’ নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।

একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, “একদিকে জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যে মামলায় অভিযুক্ত ছিলেন, তার আবেদনের প্রেক্ষিতে তড়িঘড়ি করে দুর্নীতি দমন কমিশন ওই মামলাটি আর পরিচালনা করবেন না সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি ট্রাস্ট মামলা প্রত্যাহারের জন্য আইনজীবীরা আবেদন জানালেও তা আমলে না নিয়ে দুদক গোয়ার্তুমি করে তা চালিয়ে যাচ্ছে।

“শাসক দলের এরকম প্রায় তিনশ ব্যক্তি যারা তাদের দলের লোক, ওই সব মামলা পরিচালনা করতে চান না বলে দুদকে জানিয়েছে। আমরা মনে করি, দুদক একচোখা নীতি অনুসরণ করছে।”

ক্ষমতাসীন দলের নেতা ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি জানান আসাদুজ্জামান রিপন।

“যদি সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হয়, তাহলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা বহাল রেখে দুদক সরকারি দলের মন্ত্রী-নেতাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করবেন- এটা অনভিপ্রেত।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার এম সাহাবুদ্দিন চুপ্পুর সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, “কমিশনের কমিশনার মি. চুপ্পু সাহেব যিনি দুদকের চেয়ারম্যানের অনুপস্থিতিতে একটি সভা করে জনাব মায়ার মামলার বিষযে সিদ্ধান্ত নিয়েছেন। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই- তিনি সংবিধানের শপথ অনুযায়ী কাজটি সঠিক করেছিলেন কি না।”

সাত বছর আগের একটি দুর্নীতি মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে গেলে আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর তাকে খালাস দেয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে গত ১৪ জুন খালাসের রায় বাতিল ঘোষণা করে আপিল পুনঃশুনানির আদেশ আসে।

ওই মামলা থেকে ‘মায়াকে বাঁচাতে’ দুদক শেষ মুহূর্তে চেষ্টা করেছিল বলে মঙ্গলবার একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, আপিল বিভাগে দুদকের আবেদনের শুনানি চলাকালে মায়ার বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তবে এ সংক্রান্ত দুদকের চিঠি পেশ করার আগেই আপিল বিভাগের আদেশ হওয়ায় তাদের ওই উদ্যোগ ‘ভেস্তে যায়’।

বিএনপি নেতা রিপন বলেন, “দুদক ইতোমধ্যে এবড়ো-থেবড়ো ও বাঁকাপথে দুর্নীতি দমন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে, নখদন্তহীভাবে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। তারা এখান থেকে নড়েচড়ে বসবে। আইনের শাসনের প্রতি তারা শ্রদ্ধাশীল হবেন। সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হবেন, কঠিন ভূমিকায় অবতীর্ণ হবেন।

“আর যদি দুদক দলবাজী করেন, এক চোখে তাকান তাহলে তা আমরা মেনে নিতে পারব না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিবাদ জানাতে থাকব। প্রতিষ্ঠানের ন্যায়বোধ সম্পর্কে মানুষের ধারণা ভালো জন্মাবে না।”

আওয়ামী লীগ খেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুজ্জামান রিপন বলেন, “উনি শাসক দলের মন্ত্রী ছিলেন, শাসক দলের সর্বোচ্চ সংস্থা প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। উনি প্রধানমন্ত্রীর পুত্রকে নিয়েও কথা বলেছেন, তার পুত্র কোটি কোটি টাকার বেতন পান সে নিয়েও প্রশ্ন তুলেছেন। এর সঙ্গে ধর্ম যুক্ত হয়েছে। সাময়িকভাবে সরকার তাকে খোয়াড়ে ঢুকিয়েছেন।

“সরকার হয়ত ধরে নিয়েছেন, বিষয়টি মানুষ ভুলে যাবে। রোজার মাসে মানুষ হৈ চৈ করবে না, প্রতিবাদ করবে না। সুতরাং এই সময়টাকে বেছে নিয়েছেন, যাতে তাকে জামিন দেয়ার জন্য বা অভিযোগ থেকে খালাস করার জন্য। বিষয়টা তো আগেই বলেছি, সরকার ও তার প্রতিষ্ঠান আইনের ধারায় চলছে না, একচোখা নীতি নিয়ে চলছে। এর কারণে শাসক দলের লোকেরা আইন ও প্রশাসনের কাছে সুযোগ পাচ্ছে, বিরোধী দল দমন-নিপীড়ন-মামলার সম্মুখীন হচ্ছে।”

সংবাদ ব্রিফিংয়ে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, শামসুল আলম তোফা প্রমুখ উপস্থিত ছিলেন।