জজ আদালতেও জামিন হয়নি পাপিয়ার
নাশকতার নয় মামলায় বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়ে গেছে।
হাকিম আদালতে জামিন না পেয়ে এই বিএনপি নেত্রী সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন নিয়ে গিয়েছিলেন। শুনানি শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা তা নাকচ করে দেন।
পাপিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা বারের সভাপতি ও বিএনপিপন্থি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
বিভিন্ন সময়ে মন্তব্যের জন্য বিতর্কিত এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে পল্টন থানায় পাঁচটি, মিরপুরে তিনটি ও লালবাগে একটি নাশকতার মামলা রয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে নাশকতা ও সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাই কোর্টের জামিনে ছিলেন পাপিয়া।
সেই জামিনের মেয়াদ শেষে ১৬ জুন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
