২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ দলীয় জোট ভাঙবে না: মাহবুব

২০ দলীয় জোটে ভাঙন ধরাতে চেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কোনো ‘কুচক্রী মহলের’ প্রচারণায় ২০ দল ভাঙবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা ২০ দল কীভাবে করব, কীভাবে করব না, কোন দল থাকবে, কোন দল থাকবে না-এর মাথা ব্যথা বর্তমান ক্ষমতাসীনদের করে লাভ নেই।

“তাদের এত মাথা ব্যথা কেন? কে থাকবে, কে থাকবে না- এটা ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের দায়িত্ব। তারা এটা ঠিক করবেন।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব বলেন, “আমি যতটুকু জানি ও বিশ্বাস করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অবস্থায় কুচক্রী মহলের প্রচারণায় ২০ দলীয় জোট ভাঙবেন না। বরং এই জোট আরও শক্তিশালীভাবে সংগঠিত হবে।”

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘ভারতের সঙ্গে নতুন চুক্তি, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার মাহবুব।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা ভারতবিরোধী নই। আমরা সেখানকার দল কংগ্রেসকে ঘৃণা করি। কারণ তারা গত নির্বাচনে অবৈধ একটি সরকারকে মদদ দিয়েছে, সমর্থন দিয়েছে।

“আমরা সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে যেসব চুক্তি হয়েছে সেগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির হাবিবুর রহমান হাবিব, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ বক্তব্য দেন।