রপ্তানিতে উৎসে কর কমানোর দাবি
তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর না বাড়িয়ে আগের হার বহাল রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশের রপ্তানিকারকরা।
বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতের রপ্তানির উপর উৎসে কর শূন্য দশমিক ৩ শতাংশ থেকে ২৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য রপ্তানি খাতেও উৎসে কর বাড়ানো হয়েছে, যার বিরোধিতাও করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
সংসদে বাজেট পাসের আগে তা নিয়ে আলোচনা চলার মধ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, “এ বৃদ্ধির হার বর্তমান পরিস্থিতিতে রপ্তানি শিল্পের স্বাভাবিক বিকাশকে দারুণভাবে ব্যাহত করবে।
“অতএব রপ্তানিমুখী সব শিল্পের জন্য উৎসে আয়কর কমিয়ে শূন্য দশমিক ৩ শতাংশে নিয়ে আসার অনুরোধ করছি।”
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা (ফাইল ছবি)
বাংলাদেশের রপ্তানির প্রায় ৮০ ভাগই তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ খাতে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বিগত কয়েক বছরের তুলনায় কম।
বিজিএমএইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, কারখানার কমপ্ল্যায়েন্স প্রতিপালনসহ অন্যান্য খাতে খরচ বেড়েছে। কিন্তু পোশাকের মূল্য বাড়েনি।
এ কারণে উৎসে কর বাড়ানোর এটা সঠিক সময় নয় বলে তিনি মনে করছেন।
“আমরা কর দিতে চাই। কিন্তু বৃদ্ধি করার এটা সঠিক সময় নয়।”
বিজিএমইএর আরেক সাবেক সভাপতি এবং বর্তমানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনও অর্থমন্ত্রীর কর প্রস্তাবের বিরোধিতা করেন।
“আমরাই তো এই খাত থেকে এক সময় শূন্য দশমিক ৮ শতাংশ হারে উৎসে কর দিয়েছি। কিন্তু সেখান থেকে সরকারই তা কমিয়ে শূন্য দশমিক ৩ শতাংশ করে।”
কর বাড়ানোর আগে ‘পরিস্থিতি’ বুঝতে সরকারকে পরামর্শ দেন মহিউদ্দিন।
উৎসে কর কমানোর পাশাপাশি আরও কয়েকটি প্রস্তাবও দিয়েছে রপ্তানিকারকদের সমিতি।
রপ্তানিমুখী শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির উপর এক শতাংশ শুল্কে আরোপের প্রস্তাব তুলে দিয়ে আগের মতো শূন্য শতাংশে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা।
তবে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয় তুলে ধরে সালাম মুর্শেদী বলেন, “বাজেট প্রস্তাবনায় অনেকগুলো উল্লেখযোগ্য দিক আছে, যেগুলো রপ্তানি কার্যক্রমের অনুকূল।
“তবে সকল রপ্তানি খাতের সহায়ক ও রপ্তানি সক্ষমতা বাড়াতে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন ও সংযোজন অপরিহার্য।”
