২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের উৎসে কর ০.৩% বহাল চান ব্যবসায়ীরা

বাজেটে তৈরি পোশাকের মোট রপ্তানি মূল্যের উপর ১ শতাংশ উৎসে কর আরোপের প্রস্তাব তুলে নিয়ে আগের দশমিক ৩ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে বস্ত্র ও পোশাকসহ সংশ্লিষ্ট খাতগুলোর সংগঠনের নেতারা এ দাবি জানান।

সবার পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে উৎসে কর কমানো ছাড়াও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করে শূন্য শুল্ক আরোপ, বস্ত্র ও পোশাক শিল্পের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ ৫ বছর বাড়ানো, সেবা খাতের বকেয়া মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা এবং কাস্টমস আইন- ১৯৬৯ এর ৯১ ধারা সংশোধন করে বন্ডেড অয়্যার হাউজের নিরীক্ষা বন্ধের দাবি জানান তিনি।

২০১৫-১৬ সালের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতের জন্য বিভিন্ন সুবিধা ও প্রণোদনা অব্যাহত রাখার জন্য সরকারকে ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি।

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধ-হরতালে মানুষ পোড়ানোর ঘটনা ক্রেতাদের ভাবিয়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, “এখন ক্রেতারা বাংলাদেশে আসতে চাচ্ছে না। এই কারণে চলতি অর্থবছরের তৈরি পোশাক রপ্তানি লক্ষ্য অর্জিত হবে না।”

সোমবার পর্যন্ত ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির তথ্য তুলে ধরে তিনি বলেন, “এ অর্থবছরের মোট রপ্তানির লক্ষ্য ২৭ বিলিয়ন ডলার। এই মাসের বাকি সময়ে সর্বোচ্চ ২ দশমিক ১ বিলিয়ন ডলার রপ্তানি হলেও ২৫ বিলিয়ন ডলার রপ্তানি হবে।”

ইউরো, কানাডিয়ান ডলার ও রুবলের দরপতনের সঙ্গে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী থাকায় চ্যালেঞ্জের মুখে পড়ে বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, “এরকম পরিস্থিতিতে মোট রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ উৎসে কর পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমিয়ে দেবে। এজন্য আমরা অনুরোধ করছি উৎসে কর বর্তমানের মত দশমিক ৩ শতাংশ করা হোক।”

অর্থমন্ত্রী সরাসরি কোনো আশ্বাস না দিলেও ব্যবসায়ীদের দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

মুহিত বলেন, “আমি যেটা বুঝেছি, তাতে আপনাদের মূল দাবি হলো- সোর্স ট্যাক্স ও ক্যাপিটাল মেশিনারিজ ইমপোর্টে ডিউটি যা প্রস্তাব করা হয়েছে, সেটি আপনারা চাচ্ছেন না।

“বাজেট আমি একা করি না। যদিও আমি এটি উপস্থাপন করি। এটা নিয়ে আমরা আলোচনা করবো।”

প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “ফাইনালি, এটা নিয়ে আমাদের দুজনকে বসতে হবে। ওখানে আমাকে যেতে হবে। আপনাদের বাজার পরিস্থিতি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।”

এসময় গজারিয়ার বাউশিয়ায় তৈরি পোশাক শিল্পের জন্য পল্লী স্থাপনের কাজ দ্রুত শেষ করে রাজধানী থেকে কারখানা স্থানান্তরের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ২০১৪ সালের এপ্রিলে তৈরি পোশাক রপ্তানির মোট আয়ের ওপর উৎসে কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ নির্ধারণ করে, যে সুবিধা চলতি জুনে শেষ হচ্ছে।

গত ৪ জুন আসন্ন অর্থবছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে তাতে এই উৎসে কর ১ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।  

বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের আয়ের ওপর ১০ শতাংশ হ্রাসকৃত হারে কর দেওয়ার ব্যবস্থা ২০১৪ সালের জুনে শেষ হয়েছে। যদিও সুতা, ডাইং, ফিনিশিং ও পাট শিল্পের হ্রাসকৃত কর ব্যবস্থা ২০১৫ সালের জুন পর‌্যন্ত বাড়ানো হয়েছে।

রপ্তানি পণ্যে ব্যবহারের জন্য স্থানীয় বাজার থেকে যেসব পণ্য ও সেবা কেনা হয় জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থবছরে তার ওপর ভ্যাট মওকুফ করেছে।

এর আগে সর্বশেষ ২০০৭-০৮ অর্থবছরে এই ভ্যাট মওকুফ করা হয়। রপ্তানিকারকরা ২০০৭-০৮ থেকে চলতি ২০১১৫ অর্থবছরের মধ্যবর্তী সময়ের ভ্যাট মওকুফ চেয়েছেন।

এছাড়া ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কাস্টমস আইন-১৯৬৯ এর ৯১ ধারা সংশোধন করে বন্ডেড অয়্যার হাউজকে তদারকির জন্য ‘শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটকে’ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

রপ্তানিকারকরা বলছেন, এতে কাস্টম বন্ড অফিস বন্ডেড অয়্যার হাউজ অডিট করে, এর পাশাপাশি শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট অডিট করায় একই বিষয়ে দুবার অডিট হয়। এতে সময়ের পাশাপাশি নানা জটিলতার সৃষ্টি হয়।

এসময় অন্যান্যের মধ্যে বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি সালাম মুর্শেদী ও বিপিজিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।