চট্টগ্রাম বিএনপির নেতা আসলাম ফের আটক
জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারফটক থেকে ফের আটক হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
সোমবার বিকালে জামিনে মুক্তি পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
কী অভিযোগে আটক- জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মোহাম্মদ মঈনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ জানুয়ারি পুলিশের ওপর হামলা, ভাংচুর ও গাড়ি পোড়ানোর মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর আসলাম চৌধুরীকে মুক্তি দেওয়া হয়।
গত ৫ জানুয়ারি নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় ও আশেপাশের বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে আসলাম চৌধুরীসহ আড়াই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উত্তর জেলার আহবায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হক এনামসহ ৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে একটি মামলা করে।
