মেয়রকে ‘নগর পিতা’ বলা ‘তামাশা’: নাছির
সিটি করপোরেশনের ক্ষমতা ও এখতিয়ারে বিদ্যমান সীমাবদ্ধতা বিবেচনায় মেয়রকে ‘নগর পিতা’ সম্বোধন করাকে ‘বড় তামাশা’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), চট্টগ্রাম আয়োজিত ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশনের অনেক সীমাবদ্ধতা। সমস্যা যে পর্যায়ে তা করপোরেশনের এখতিয়ার ও ক্ষমতা দিয়ে সমাধান সম্ভব নয়। করপোরেশনের মাত্র তিনটি কাজ- সড়ক ও নালা সংস্কার, পরিচ্ছন্নতা এবং আলোকায়ন।
“কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে নগরবাসী সব প্রত্যাশা করেন। মেয়রকে নগর পিতা বলা হয়। আমি মনে করি এটা বড় তামাশা, এক প্রহসন। কৌতুকও বলা যায়।”
প্রয়োজনে এখতিয়ারের বাইরে গিয়েও কাজ করবেন জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “আমার প্রতি প্রধানমন্ত্রীর প্রচণ্ড আস্থা ও স্নেহ আছে। আমার সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। চেষ্টা বা উদ্যোগ গ্রহণে দ্বিধা নেই। যত কঠিনই হোক চেষ্টা চালিয়ে যাব।
“চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক ‘হাব’। কিন্তু চট্টগ্রামের প্রতি প্রচণ্ড নেতিবাচক ও বিমাতাসুলভ মনোভাব পোষণ করা হয়। এটা কেন তা জানতে অনেকের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করি। কিন্তু উত্তর পাই না।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অর্থনৈতিক অবস্থা ‘প্রচণ্ড নাজুক’ দাবি করে নাছির বলেন, সিসিসির ‘ফাণ্ড’ একদম শূন্য। দুইশ কোটি টাকা শুধু ঠিকাদাররাই পাবে। তারা কোনো কাজ করতে চায় না।
“সিসিসির যন্ত্রপাতিও খুব সীমিত। কেউ যন্ত্রপাতিও ভাড়া দিতে চায় না। বর্ষা এসে গেছে তাই আমি বলে-কয়ে তাদের কাছ থেকে যন্ত্রপাতি এনেছি।”
পাহাড় কাটা বন্ধে সিসিসি পুরোপুরি অসহায় উল্লেখ করে মেয়র বলেন, এক্ষেত্রে চেয়ে চেয়ে দেখা ছাড়া মেয়রের কোনো কাজ নেই।
যত্রতত্র আর্বজনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীকে সচেতন করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান মেয়র।
নাছির বলেন, “১ জানুয়ারি থেকে আইন প্রয়োগ করব। আইন ভঙ্গকারীর রাজনৈতিক-সামাজিক পরিচয় যাই হোক না কেন। নির্মম-নিষ্ঠুর দায়িত্ব পালন করব।
“কেউ পারেনি, কিন্তু আমি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছি। আমার দলেরই প্রভাবশালীরা জড়িত। করপোরেশনের কেউ কেউ জড়িত। পরশু বৃষ্টির মধ্যে বিলবোর্ড কাটতে বাধ্য করেছি।”
বেলার প্রধান নির্বাহী রেজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে কোনো মাস্টার প্ল্যানই বাস্তবায়ন হয় না। মাস্টার প্ল্যানের অনুকূলে একটি বাস্তবায়ন পরিকল্পনা (ইমপ্লিমেন্টেশন প্ল্যান) করা যেতে পারে।
“সিটি গর্ভনমেন্ট নয় তবে সে আদলে একটা কমিটি করা যেতে পারে। জনপ্রতিনিধি হিসেবে মেয়র এর প্রধান হতে পারেন। জনগণকে সম্পৃক্ত করেই সব কাজ করতে হবে।”
প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, যেভাবে কাজ হচ্ছে তা অপরিকল্পিত। সিসিসি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে পরিবর্তন আনতে হবে।
জলাবদ্ধতা নিরসনে ভাটিয়ারী-সীতাকুণ্ড এলাকায় সাড়ে তিন হাজার কোটি লিটার পানি ধারণক্ষমতার রিজার্ভার নির্মাণের প্রস্তাব করেন সুভাষ বড়ুয়া।
বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান বলেন, উড়াল সড়ক-পাঁচ তারা হোটেলের নামে চট্টগ্রামে দুর্দশাপূর্ণ উন্নয়ন হচ্ছে। মেয়র কার্যালয়কে এ পরিমাণ ক্ষমতা দেওয়া হোক যাতে তারা (সিসিসি) এসব দেখভাল করতে পারে।
ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুও সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে একট পর্যবেক্ষক কমিটি করার প্রস্তাব করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।
গণশুনানিতে বক্তব্য রাখেন চবির অধ্যাপক আবু তৈয়ব চৌধুরী, অধ্যাপক শফিক হায়দার চৌধুরী ও অধ্যাপক মো. মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন দাশ, স্থপতি জেরিনা হোসাইন, উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা পারু, প্রকৌশলী আবুল কালম, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি ও ক্ষতিগ্রস্ত সুমনা আফরোজ শারজিন।
শুনানিতে নগরীর প্রধান খালগুলো খনন, দখল মুক্ত করা, আর্বজনা নিয়মিত অপসারণ, খালে স্লুইস গেট স্থাপন, জলাধার ও পার্ক নির্মাণ এবং কর্ণফুলী ড্রেজিং ও দখলমুক্ত করার প্রস্তাব করা হয়।
