জাফরুল্লাহর সাজায় ক্ষুব্ধ হাফিজ
আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাফরুল্লাহ চৌধুরীর সাজা ক্ষুব্ধ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাফরুল্লাহর অবদান তুলে ধরে বীরবিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা হাফিজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
হাফিজ বলেন, “মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখার জন্য যে বিচার হবে, সেই বিচারের সমালোচনা করার অধিকার কি একজন মুক্তিযোদ্ধা রাখেন না? এটি আমার প্রশ্ন থাকল সবার কাছে।”
“স্বাধীন দেশে তারা দণ্ড পাবেন, আর স্বাধীনতাবিরোধীরা পুরস্কৃত হবেন, এমন দিনের জন্য তো আমরা সেদিন যুদ্ধ করিনি,” বলেন বিএনপির এই নেতা; যার সঙ্গে মন্ত্রিসভার সদস্য থাকা দুই জামায়াত নেতাও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত।
২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে সাজা দেয়, সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।
ব্লগে ‘দায়িত্বজ্ঞানহীন’ লেখার মাধ্যমে বিচারাধীন বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ড. কামাল হোসেনের জামাতা সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গত বছর ২ ডিসেম্বর সাজা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতির জন্য জাফরুল্লাহকে আদালত অবমাননার শাস্তি দেওয়া হয়। তার সঙ্গে আরও অর্ধশত ব্যক্তি ওই বিবৃতি দিলেও তাদের অনেকে ক্ষমা চেয়ে রেহাই নেন, প্রথমবারের মতো এই ধরনের বক্তব্য দেওয়ায় অন্যদের আদালত শুধু সতর্ক করে দেয়।
একাত্তরে জাফরুল্লাহর ভূমিকা তুলে ধরে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ বলেন, বলেন, “ডা. জাফরুল্লাহ এবং ডা. মোবিন। একাত্তরে সেই দুই তরুণ ইতিহাস সৃষ্টি করেছিলেন। মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম হাসপাতাল তারাই নির্মাণ করেন। বহু মুক্তিযোদ্ধাদের তারা চিকিৎসা দিয়েছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা হলেন তারাই।”
হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)
একাত্তরে নিজের সঙ্গে জাফরুল্লাহর সাক্ষাতের বিষয়টিও তুলে ধরেন হাফিজ উদ্দিন।
“আমি তখন তরুণ ক্যাপ্টেন, বিদ্রোহ করে বেনাপোল অঞ্চলে যুদ্ধ করি। একদিন বিকালে শার্ট-প্যান্ট পরা দুই তরুণ আমার সঙ্গে দেখা করতে এলেন। তারা পরিচয় দিলেন, একজন ডা. জাফরুল্লাহ এবং আরেকজন ডা. মোবিন। তারা বললেন, আমরা লন্ডন থেকে এসেছি, আজকেই দমদমে নামলাম। আমরা মুক্তিযুদ্ধ দেখতে চাই, লন্ডনে বসে যা শুনি, তা সত্যি কিনা।
“আমরা বললাম হাসপাতাল নেই, ডাক্তার নেই। অনেক নাই নাই বললাম। তারাই প্রথম মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল করলেন।”
“আজ সেই ডা. জাফরুল্লাহকে কেন শাস্তি দেওয়া হল, আমরা তা জানি না,” বলেন হাফিজ।
