২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীকে ‘আন্তরিক’ মনে হয়েছে খালেদার

খালেদা জিয়ার কাছে নরেন্দ্র মোদীকে তুলনামূলক আন্তরিক মনে হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলে এই প্রতিক্রিয়া পেয়েছেন বলে বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

বাংলাদেশে প্রথম সফরে আসা নরেন্দ্র মোদীর সঙ্গে গত ৭ জুন বৈঠক করেন খালেদা জিয়া। তাদের মধ্যে ১৫ মিনিট একান্ত আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপিকে বাদ রেখে ৫ জানুয়ারির নির্বাচন করতে আওয়ামী লীগের পেছনে ভারতের সমর্থন ছিল বলে বিএনপি নেতারা তখন দাবি করেছিল। তবে ভারতে ক্ষমতার পালাবদলের পর বিজেপির প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে আসছেন তারা।

এর মধ্যে মোদীর সঙ্গে বৈঠকের পর খালেদা ‘সুন্দর আলোচনা হয়েছে’ বলার বাইরে আর কিছু বলেননি। বিএনপি নেতারাও একান্ত বৈঠকের আলোচনার বিষয়ে কিছু জানাতে পারেননি।

হাফিজ বলেন, “আমি গতকাল (মঙ্গলবার) রাতে নেত্রীর সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলাম। কী আলাপ হয়েছে, জানতে চেয়েছি। তিনি নরেন্দ্র মোদীর অনেক প্রশংসা করেছেন।

“আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, অতীতের মনমোহন সিং, রাজীব গান্ধী বা অন্যান্যের চাইতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না? তিনি আমাকে বললেন, ‘তাকে (মোদী) আমার আন্তরিক মনে হয়েছে’।”

“তার (ভারতের প্রধানমন্ত্রী) বক্তব্য শুনে আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তিনি কিছুটা আন্তরিক।”

হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা মোদী গুজরাট দাঙ্গার ঘটনায় বাংলাদেশে বেশ সমালোচিত ছিলেন। তবে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ওই বিষয়টি অনেকটাই আড়ালে চলে গেছে।  

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ‘গণতন্ত্রহীনতার’ কথা তুলে ধরেন খালেদা নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দল। 

হাফিজ বলেন, “জনগণের বিশাল ম্যান্ডেটপ্রাপ্ত নেতা হিসেবে মোদীর কাছ থেকে আমরা সুবিবেচনা ও সুবিচার আশা করি, যার প্রতিশ্রুতি তিনি আমাদের দিয়েছেন।”

মোদীর সফরে বিশাল অর্জন হয়েছে বলে আওয়ামী লীগের দাবির প্রেক্ষাপটে সাবেক এই মন্ত্রী বলেন, “২২টা চুক্তি হয়ে গেল, যাতে বাংলাদেশের পক্ষের একটা চুক্তি নাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

“প্রতিটি চুক্তি তাদের (ভারত) স্বার্থে করেছে। এটা এটি আমরা মেনে নিলাম। তা হলে আমরা কিছুই পাব না? আমাদের তো একটা দাবি, তিস্তা নদীর পানি। এই পানির ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস দিলেও কৃতজ্ঞ থাকতাম।”

তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে দ্রুত সমস্যার সুরাহাও দাবি করেন সাবেক এই পানিসম্পদমন্ত্রী।

তবে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মোদীর পরিকল্পনার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন নেই দাবি করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান খেতাবধারী এই মুক্তিযোদ্ধা।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের শাহ আবু জাফর, ফজলুর রহমান, আবুল হোসেন, মিজানুর রহমান মিজান, সাদেক আহমেদ খান, সাবেক সাংসদ রাশেদা বেগম হীরা।

পুরনো খবর:

খালেদা-মোদী আলোচনা জাতি জানতে চায়: হানিফ
‘বাংলাদেশে গণতন্ত্র নেই’- মোদীকে বললেন খালেদা
ভারত মৌলবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে, খালেদাকে মোদী