খালেদা-মোদী আলোচনা জাতি জানতে চায়: হানিফ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘একান্ত আলোচনার’ বিষয়বস্তু প্রকাশ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার কুষ্টিয়া পৌর মিলনায়তনে ‘করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে’ যোগ দেওয়ার আগে সাংবাদিকদের হানিফ বলেন, খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছিল জাতি সেটা জানতে চায়।
“বিএনপি নেত্রী বিষয়টি একটু খোলাসা করে বললে জাতি উপকৃত হবে।”
৬ জুন দুই দিনের বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফরে বেশকিছু চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের পাশাপাশি তিনি বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেন।
খালেদা-মোদীর পৌনে এক ঘণ্টা বৈঠকের মধ্যে প্রায় ১৫ মিনিট দুই নেতা একান্তে কথা বলেন। বৈঠক থেকে বেরিয়ে খালেদা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বলেন, “সুন্দর আলোচনা হয়েছে।”
পরে বিএনপি নেতা মঈন খান সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জানান, বাংলাদেশে বর্তমানে ‘গণতন্ত্র নেই’ দাবি করে বিএনপির পক্ষ থেকে মোদীকে বলা হয়েছে বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে তা দক্ষিণ এশিয়ার জন্যও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে পারে।
পরে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি না হওয়ায় জাতি ‘হতাশ’ বলেও বিএনপির বেশ কয়েকজন নেতা মন্তব্য গণমাধ্যমে এসেছে।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “তিস্তা চুক্তির ব্যাপারে নরেন্দ্র মোদী আসার ১৫ দিন আগেই ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছিল এ সফরের সময় তিস্তা চুক্তি হবে না। এটা তো এজেন্ডার মধ্যেই ছিল না। অতএব এটা হবে না সবাই জানে।”
“যেটা হবে না, এজেন্ডায় নেই, সেটা নিয়ে ওনারা (বিএনপি) বলছে জাতি হতাশ হয়েছে। জাতি হতাশ হয় নাই।”
নরেন্দ্র মোদীর সফরে জাতি উচ্ছ্বসিত মন্তব্য করে তিনি বলেন, “দুই দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও উচ্চতর মাত্রায় পৌঁছেছে। ইতোমধ্যে ছিটমহলসহ অনেক সমস্যার সমাধান হয়েছে। তিস্তার পানি চুক্তি সম্যসার সমাধানও হবে।”
সেমিনারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
