২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় রিজভীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

রাজধানীর পল্টন থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

দুই পক্ষের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন বুধবার এ আদেশ দেন।

এর আগে পল্টন থানার এসআই মাসুদ মুন্সি বিএনপি নেতা রিজভীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে রিজভীর পক্ষে সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবী এ রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার জামিনের জন্য আবেদন করেন।

রিমান্ডের পক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন শুনানিতে অংশ নেন।

মিরাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক উভয় পক্ষের আবেদন নাকচ করে বিএনপি নেতা রিজভীকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানায় রিজভীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেয়।