রিজভীর জামিন দায়রা জজ আদালতেও নাকচ
ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৯ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় রিজভীকে জামিন দিতে অস্বীকার করলে দায়রা জজ আদালতে আবেদন করা হয়।
১৮ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এই মামলা হয়।
রিজভীর অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিজভীর বিরুদ্ধে ৪৪টি মামলা রয়েছে, যার মধ্যে ১৮টির মতো মামলায় তিনি জামিনে রয়েছেন।
