‘কঠিন সত্য’ আজ ভারতের উপলব্ধিতে: মঈন খান
ঢাকা সফরে নরেন্দ্র মোদী কোনো দল কিংবা সরকার নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল মঈন খান।
“নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। সরকার আসে সরকার যায়, কিন্তু জনগণই একটি দেশের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করে। আজ এই কঠিন সত্যগুলো আমাদের নিকট প্রতিবেশী ভারত উপলব্ধি করছে।”
মোদীর সফরের পরদিন সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার খালেদা জিয়ার বৈঠকে মঈন খানও ছিলেন। বাংলাদেশে ‘গণতন্ত্রহীনতার’ কথা বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয় মোদীর কাছে।
নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপির মনে করছে, তার আঞ্চলির উন্নয়নের পরিকল্পনার সঙ্গে সার্ক এর ধারণার মিল রয়েছে।
মঈন খান বলেন, “ভারতের প্রধানমন্ত্রী সমগ্র দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একটি কমন প্লাটফর্মে দাঁড় করানোর চেষ্টা করছেন। আপনারা ভুলে যাবেন না, সহযোগিতার ফোরাম সার্ক গঠনের চিন্তাধারণা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজ ৩৫ বছর পরে সেই ধারণা নরেন্দ্র মোদী উচ্চতর পর্যায়ে নেওয়ার চেষ্টা করছেন।”
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সঙ্কটজনক অভিহিত করে তিনি বলেন, “আজ সরকারের বিরোধিতা করলে আক্রমণ করা হয়। বিরোধী মতের মানুষদের গুম করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে। ময়লার গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আসামি করা হয়েছে।
“মুক্ত চিন্তার ম্বাধীনতা যদি না থাকে, তাহলে একটি জাতি উপরে উঠতে পারে না। আজকের যে পরিস্থিতি বিরাজ করছে, ইতিহাসের বির্বতনে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, তা আমাদের অনুধাবন করতে হবে।”
স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমান বাবুলের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন আবদুল মান্নান, জিয়াউর রহমান খান, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, মনির হোসেন প্রমুখ।
