২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপির নেতা এনামুলের মুক্তি

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিনে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি এনামুল হক মু্ক্তি পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালী থানার নাশকতা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সন্ধ্যার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ মে ওই মামলার আসামি বিএনপি-জামায়াতের ৪৫ নেতা-কর্মী জামিনে মুক্তি পান।

গত ৫ জানুয়ারি বিকালে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সমাবেশ চলাকালে জামায়াত-শিবির ও বিএনপির একাংশের নেতাকর্মীদের নেতৃত্বে সংলগ্ন কাজীর দেউড়ি এলাকায় শুরু হয় ককটেল বিস্ফোরণ ও ভাংচুর।

এরপর নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষকারীরা কয়েকটি গাড়িতে আগুন দেয়।

ওই এলাকা ছাড়িয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালখান বাজার, ওয়াসার মোড়, চট্টেশ্বরী সড়ক এলাকায়। এসব এলাকায় বেশ কিছু যানবাহন ও স্থাপনায় ভাংচুর চালায় সংঘর্ষকারীরা।

ঘটনার পর অভিযান চালিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলার সহ-সভাপতি এনামুল হকসহ ২৯৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

কোতোয়ালি থানায় করা মামলায় নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়।