২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তি’ জাতীয় পার্টিতে: এরশাদ

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টিই সফল হতে পারবে দাবি করে নিজের দলকে ক্ষমতায় পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দুই যুগ আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 04:33 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

সোমবার বরিশাল মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, “দুই দলের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন চায়।

“একমাত্র জাতীয় পার্টিই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় পরিবর্তন এনে জনগনকে দুঃশাসন থেকে মুক্তি দিতে পারে।”

বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে জাতীয় পার্টি রয়েছে। সেইসঙ্গে এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত কাউন্সিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বক্তব্য রাখেন।

এর আগে সকালে বেলুন উড়িয়ে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান এরশাদ। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।