বিদেশিদের কাছে নালিশ করাই বিএনপির স্বভাব: ওবায়দুল কাদের
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে নালিশ করাই বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সাভারে বিরুলিয়া সেতুর নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিদেশিদের নিকট নালিশ করাই বিএনপির স্বভাব। আমরা জানি, সুযোগ পেলে বিএনপি মোদিকে আমাদের সম্পর্কে নালিশ করবে।”
স্থল সীমান্ত চুক্তির জন্য ভারতীয় সংসদে আইন পাশকে ‘বিশাল কুটনৈতিক বিজয়’ অভিহিত করে এতে বিএনপির ধন্যবাদ না জানানোয় সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, “আমাদেরকে বিএনপির মানসিকতা বুঝতে হবে। তাদের ইতিবাচক অবস্থান তৈরি করতে হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কি না কিংবা সংলাপে বসা যায় কি না।”
বিএনপির নেতিবাচক মানসিকতা ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “মোদি সরকার বিজয় অর্জনের পর পরই বাংলাদেশে ভারতীয় দূতাবাস খোলার আগেই সেখানে অভিনন্দন বার্তা নিয়ে অপেক্ষায় ছিলেন বিএনপির শীর্ষ কর্মকর্তারা। এটা আমাদের জন্যে জাতি হিসেবে লজ্জার।”
তিনি বলেন, সন্দেহ সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে মোদীর সফর দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবে। সফরে তিস্তাসহ অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।
