চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি
কেন্দ্রীয় কমিটির ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রলীগের একাংশ।
রোববার দুপুরে শহরের আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সদ্য বাতিল করা ছাত্রলীগ জেলা কমিটির যুগ্ম সম্পাদক অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক অভিষেক সাহা, সোহেল রানা ও সহ সম্পাদক লেলিন পরামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিগগির কেন্দ্রঘোষিত বর্তমান কমিটি প্রত্যাহার করে সৎ, যোগ্য, মেধাবী ও নিয়মিত ছাত্রলীগের নিয়মিত পরীক্ষিত সৈনিকদের সমন্বয়ে কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠনের দাবি জানান তারা।
তাদের অভিযোগ, গত ১৯ মে পুরাতন কমিটি বিলুপ্ত করে কাউন্সিল ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অগণতান্ত্রিকভাবে নতুন জেলা কমিটি ঘোষণা করে।
কমিটিতে সভাপতি হিসেবে সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ আহমেদ শাওনের নাম ঘোষণা করেন।
কেন্দ্রঘোষিত বর্তমান সভাপতি নিয়মিত ছাত্র নন দাবি করে তারা বলেন, সাকিউল ইসলাম সাকিল এক সময় ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
অবিলম্বে এ কমিটি বাতিল করে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
দাবি না মানা হলে ছাত্র ধর্মঘট ও শিক্ষাঙ্গনকে অচল করাসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।
ছাত্রলীগের বর্তমান সভাপতি সাকিউল ইসলাম সাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
নিজে কখনও শিবিরের সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে সাকিল বলেন, তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মাদক বিক্রির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
