২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে ছাত্রলীগের মারামারি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডাকা ছাত্রলীগের সমাবেশ কয়েক দফা মারামারিতে আহত হয়েছেন তিন নেতাসহ অন্তত চারজন।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 11:30 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ মঞ্চে দুই মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ দুই নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের উপস্থিতির মধ্যেই মারামারিতে জড়ায় সংগঠনটির নেতা-কর্মীরা।

মারামারির ঘটনা অতিথিদের নজর থেকে এড়াতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে ‘জোরে হাততালি’ ও ‘শ্লোগান’ দিতে বলতে দেখা যায়। তিনি নিজেও হাততালি ও স্লোগান দিচ্ছিলেন।

মারামারিতে আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নেতা আরিফুরজ্জামান রোহান, সাংগঠনিক সম্পাদক আসাদ সিকদার, বঙ্গবন্ধু হল শাখার কর্মী বরিকুল ইসলাম বাঁধন এবং ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক তুহিন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শুরু আগে বিকাল ৩টার দিকে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানার সমর্থক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহুরুল হক হলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। তখন জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি রিফাত জামান ও সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয় কৌশলে তা নিবৃত্ত করেন।

এরপর সাড়ে ৩টার দিকে অমর একুশে হল শাখার সভাপতি মাহমুদুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান মিরাজের নেতৃত্বে ওই হলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রোহানকে মারধর করেন।

এরপর তৃতীয় দফায় হাতাহাতি হয় ঢাকা কলেজ ও তিতুমীর সরকারি কলেজ শাখা নেতা-কর্মীদের মধ্যে।

সমাবেশ শেষে বিকাল সোয়া ৬টার দিকে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রানা তার সমর্থকদের নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কির জের ধরে বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসাদ ও বঙ্গবন্ধু হলের কর্মী বাঁধনকে মারধর করেন।

এই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ে মুহসিন হলের নেতা-কর্মীরা রানার সমর্থকদের ধাওয়া করে মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক তুহিনকে ধরে পেটান।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এই সমাবেশে সংগঠনটির সাবেক নেতারা বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমু বলেন, “ছাত্রলীগ শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে।”

১৯৮১ সালের এই দিনে বাংলাদেশের অগ্রদূত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে এসেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য ছাত্রলীগকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হবে।”