সালাহ উদ্দিনকে পাওয়ায় রওশনের শুকরিয়া
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান মেলায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমত যে উনাকে(সালাহউদ্দিন) পাওয়া গেছে। উনি জীবিত আছেন, এজন্য লাখ লাখ শুকরিয়া। দোয়া করি, উনি যেন দ্রুত আরোগ্য লাভ করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।”
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে লুকিয়ে বিবৃতি দিয়ে আসা সালাহ উদ্দিন গত ১১ মার্চ নিখোঁজ হন। গত ১২ মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাওয়া যায়।
তবে সালাহ উদ্দিন কিভাবে সেখানে গেলেন, সেই রহস্যের জট এখনও খোলেনি। তার অন্তর্ধানের পর বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে এলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল।
সালাহ উদ্দিনের সন্ধান পাওয়া নিয়ে নানামুখী আলোচনার মধ্যে রওশন বলেন, এ বিষয়ে তিনি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।
“আমরা সংসদে এবিষয়ে আলোচনা করব। আসলে আমরাও জানতে চাই যে আসলে কী হয়েছিল? আশা করি, উনি দেশে ফিরে আসলে সব জানা যাবে,” বলেন বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন।
তিন সিটি নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
সিটি নির্বাচন সুষ্ঠু ছিল কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে রওশন বলেন, “যেহেতু এই নির্বাচনে কোনো খুন-খারাপি হয়নি, সহিংসতা হয়নি- সুতরাং আমি বলব নির্বাচন ভালো হয়েছে।
“আর নির্বাচনে হারজিত আছেই, আমরা হেরে গেছি। যারা জিতেছেন তাদের কাছে প্রত্যাশা থাকবে, যেন তারা জনগণের প্রত্যাশিত নগরী গড়ে তুলতে উদ্যোগী হন।”
মন্ত্রিসভা থেকে সরে আসার যে কথা এইচ এম এরশাদ বলে আসছেন, সে বিষয়ে রওশন বলেন, “আসলে গত কয়েকমাস ধরে চলমান সহিংসতায় আমরা খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এখন তো পরিস্থিতি শান্ত হয়েছে। সংসদ খুলবে, তখন আমরা এ বিষয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব।”
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানব পাচার নিয়ে সৃষ্ট সঙ্কটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।”
স্থল সীমান্ত চুক্তি কার্যকরে অগ্রগতি এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি তিন নারী প্রার্থী জয়ী হওয়ায় সরকারকে অভিনন্দনও জানান বিরোধীদলীয় নেতা।
সংবাদ সম্মেলনে রওশনের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজি ফিরোজ রশিদ প্রমুখ।
