২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে সঙ্কট: সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিএনপির

অবৈধভাবে বিদেশে যেতে ট্রলারে করে সাগরে যাত্রাকারী বাংলাদেশিদের দুর্গতি রোধে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 01:57 AM

Updated : 25 Apr 2022, 01:22 PM

সময়মতো ‘যথাযথ পদক্ষেপ’ নিলে সংকট এতো প্রকট হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।

শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা রিপন বলেন, “বর্তমানে অভিবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমাদের দেশের অনগ্রসর অঞ্চল থেকে এক শ্রেণির প্রতারকের খপ্পরে পড়ে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছে। গত কয়েকদিনে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে কয়েক হাজার বাংলাদেশি ও রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

“আমরা মনে করি, এক্ষেত্রে সরকার যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করলে সংকট এতো প্রকট হতো না। পররাষ্ট্রমন্ত্রী ঘটনার এতোদিন পর ওই সব দেশে যাচ্ছেন। এতোদিন তিনি কেন যাননি?

“থাইল্যান্ডের গহীন জঙ্গলে বাংলাদেশিদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই সব দেশের দূতাবাস ও হাই কমিশনগুলো কী কাজ করছে? এক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে।”

অভিবাসন সংকট উত্তরণে অনগ্রসর অঞ্চলভিত্তিক দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণের দাবি জানান তিনি।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন বলেন, “অভিবাসন সমস্যার স্থায়ী সমাধান চাই। এক সময় উত্তরবঙ্গে খরা মৌসুমে মঙ্গার প্রকোপ থেকে ওই অঞ্চলের মানুষজনকে বাঁচাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছিল। একইভাবে যেসব অনগ্রসর অঞ্চলের মানুষজন কর্মসংস্থানের জন্য প্রতারকদের খপ্পরে পড়ে সাগর পথে ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে, তার সমাধান আনতে হবে। সরকারকে এই সমস্যা সমাধানে কর্মসৃজন প্রকল্প হাতে নিতে হবে।”

সরকার চাইলে এ বিষয়ে বিএনপি সহযোগিতা করবে বলে জানান তিনি।

সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের একটি অস্থায়ী ক্যাম্পে অবৈধ অভিবাসীদের গণকবরের খোঁজ পাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সমুদ্রপথে মানব পাচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এক সপ্তাহ আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।

ভাগ্য বদলাতে মাছ ধরার ট্রলারে করে বাংলাদেশিদের সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার খবর প্রায়ই সংবাদপত্রের শিরোনামে আসছে। আর মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গারাও দেশ ছেড়ে পালাচ্ছেন, যার সুযোগ নিচ্ছে পাচারকারীরা।

সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার ও বাংলাদেশ থেকে এই অবৈধ অভিবাসীদের নৌকায় তুলে পাচারকারীরা প্রথমে নিয়ে যাচ্ছে থাইল্যান্ডে। সেখানে জঙ্গলের মধ্যে তাদের কিছুদিন রেখে সুযোগ বুঝে আবারও নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া উপকূলে।

থাই সরকার পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করায় এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সরকার তাদের সমুদ্র সীমায় নজরদারি বাড়ানোয় অন্তত আট হাজার মানুষ মাঝ সমুদ্রে পাচারকারীদের নৌকায় আটকা পড়ে আছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য।

মালয়েশিয়ার নৌবাহিনী গত বৃহস্পতিবারও এরকম দুটি এবং থাই নৌবাহিনী একটি নৌযান তাদের জলসীমা থেকে গভীর সাগরের দিকে ঠেলে দেয়। এর মধ্যে একটি নৌকা ইন্দোনেশিয়ার উপকূলে গিয়ে ডুবতে শুরু করলে স্থানীয় জেলেরা প্রায় আটশ রোহিঙ্গা ও বাংলাদেশিকে উদ্ধার করে তীরে পৌঁছে দেন। 

সংবাদ ব্রিফিংয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, “বর্তমান সরকারের আমলে গঠিত মানবাধিকার কমিশন একটি অকার্যকর প্রতিষ্ঠান হয়ে গেছে। এরকম প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই।

“এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান লিমনের পায়ের গুলির  ঘটনাসহ এ যাবত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনারই  প্রতিকার করতে পারেননি। অনেক সময়ে তিনি নিজের পদবীর বাইরে থেকে কথা বলেছেন। তার কথা-বার্তা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

অবিলম্বে মানবাধিকার কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি।

‘ব্যর্থতার দায়’ নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করার অনুরোধ জানান এই বিএনপি নেতা।

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের মানবাধিকার পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে উচ্চ আদালত সরকারকে এ বিষয়ে টাস্কফোর্স গঠন করতে বলেছেন।

“আমরা মনে করি, আদালতের নির্দেশ অনুযায়ী দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে সরকার ‘দলবাজ, দলকানা ব্যক্তিদের’ বাদ দিয়ে অভিজ্ঞদের নিয়ে দ্রুত টাস্কফোর্স গঠন করতে হবে।”