‘হরতালের বারোটা বাজিয়েছেন তিনি’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতালের মতো কর্মসূচির বারোটা বাজিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শুক্রবার ফরিদপুর শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়া জনগণকে জিম্মি করে ঢাকা অচল করে দিতে চেয়েছিলেন।
এসএসসি পরীক্ষার মধ্যে এই নেত্রী অবরোধ ও হরতাল ডেকেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, হরতালের ডাকে ঢাকায় যানজট আরও দুই-তিন গুণ বেড়ে গিয়েছিল।
“হরতালের মতো কর্মসূচির বারোটা বাজিয়েছেন তিনি। আগামীতে কেউ হরতাল ডাকলে মানুষ তা মানবে না,” বলেন তিনি।
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির ভোট বর্জনকে পরিকল্পিত বলে আখ্যায়িত করে মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের দুই দিন আগে পরিকল্পনা করে খালেদা জিয়া সিটি নির্বাচন বয়কট করেছেন।
“যদি সরকার নির্বাচনে কারচুপি করত তাহলে কি তিন লাখ ভোট পেত?” প্রশ্ন করেন তিনি।
শহরের জনতার মোড়ের এই জনসভায় মন্ত্রী আরও বলেন, বেকায়দায় পড়ে খালেদা জিয়া আন্দোলন থেকে পালানোর পথ খুঁজছিলেন।
“আমাদের নেত্রী ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন ডেকে পলানোর পথ করে দিলেন। উনি অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে নির্বাচন করলেন।”
