চট্টগ্রামে নাছিরকে ফুলেল শুভেচ্ছা
চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে অনির্ধারিত এক আয়োজনে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
এসময় অসংগঠিতভাবে ফুল দিতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা সামলাতে তৎপরতা দেখা যায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরের সমর্থকদের।
নাছির চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারও (সিজেকেএস) সাধারণ সম্পাদক। সিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তিনি নিয়মিত সিজেকেএস কার্যালয়ে অফিস করতেন।
ভোটে বিজয়ের একদিন পর তিনি সিজেকেএস কার্যালয়ে এলে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
জিমনেশিয়ামের সামনের মাঠে অস্থায়ী মঞ্চে তাকে শুভেচ্ছা জানানো হলেও তাৎক্ষণিক এ আয়োজনের কোনো নির্দিষ্ট আয়োজক ছিল না।
বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ভবনের তিন তলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও মহিলা লীগ ফুল দিয়ে আ জ ম নাছিরকে প্রথম অভিনন্দন জানায়।
এরপর আগতদের সংখ্যাধিক্য দেখে নাছির জিমনেসিয়াম সংলগ্ন মাঠে গেলে সেখানে বাড়তে থাকে নেতা-কর্মীদের ভিড়। কার আগে কে ফুল দেবে ও ছবি তুলবে এ প্রতিযোগিতা চলছিল প্রায় ঘণ্টাখানেক ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি পেশাজীবী সংগঠনের নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরেকটু শৃঙ্খলা থাকলে আমরা সহজেই উনাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেতাম।”
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন হ্যান্ডমাইকে বলতে থাকেন, “নাছির ভাই আজকে রোজা রেখেছেন। আপনারা এভাবে ধাক্কাধাক্কি করলে সেটা ওনার অসম্মান হবে।”
শুরুতে অনুষ্ঠানের ওই ছোট মঞ্চে দাঁড়ানো থাকলেও ভিড় বেড়ে যাওয়ার পর মঞ্চ থেকে নিচে নেমে যেতে হয় আ জ ম নাছিরকেই।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিল ওয়ারা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন নাসিম।
