সুষ্ঠু ভোটের ‘লক্ষণ দেখছেন না’ তাবিথ
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কীনা– সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
তিনি বলেছেন, “এখন পর্যন্ত তেমন কোনো সিম্পটম দেখা যাচ্ছে না। তবুও আমি আশাবাদী। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে।”
মানুষের ভালোবাসা পাওয়া নয়, বরং মানুষ ‘ভোট দিতে পারব কিনা’- সেটাই এ নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তাবিথ।
বুধবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর এই বড় ছেলে।
তাবিথ বলেন, “যে জনগণ এতদিন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন, এ নির্বাচনের মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত হবে। এ নির্বাচন কোনো দলের বিষয় না, এটা গণতন্ত্রের বিষয়, জনগণের অধিকারের বিষয়।”
২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি নেতা মিন্টু। কিন্তু তার প্রার্থিতা বাতিল হলে বিএনপির পক্ষ থেকে তাবিথকে সমর্থন দেওয়া হয়।
বিএনপি জোটের হরতাল-অবরোধে প্রাণহানীর ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়বে কিনা- এমন প্রশ্নে তাবিথ বলেন, “একদমই না। এই অভিযোগগুলো কিন্তু একটা সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। আন্দোলন চলমান রয়েছে জনগণের স্বার্থে।”
ভোটাররা এখন ‘অনেক বেশি সচেতন’ বলে করেন রাজনীতিতে তরুণ এই মেয়রপ্রার্থী।
তিনি বলেন, “মানুষ কিন্তু এখন অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, তাদের অন্য কথা বলে বোঝানো যাবে না। একটা নির্বাচন সচেতন জনগণের ভোটের অধিকার নিয়ে গেছে, সেই সচেতন জনগণ আবার ভোটের অধিকার ফেরত চাইছে।”
রাজনীতিতে এখন তরুণদের প্রতিনিধিত্ব করার সময় এসেছে মনে করলেও তাবিথের অভিযোগ, সরকার তা ‘চায় না’।
“আমি তরুণদের প্রতিনিধি, এখন সময় এসেছে জনসংখ্যায় তরুণরা যেখানে বেশি সেখানে তাদের প্রতিনিধি আসার। এখানে চ্যালেঞ্জটা হলো ভোট দিতে পারব কিনা। সুষ্ঠু একটা প্রচার চালাতে পরব কিনা। মানুষের কাছে যাওয়া, মানুষের ভালোবাসা পাওয়াটা কোনো চ্যালেঞ্জ না বরং তারা (সরকার) চাচ্ছে তরুণরা না আসুক।”
বিকালে শ্যামলী ও মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ, পথসভা করেন তাবিথ আউয়াল।
শ্যামলী মাঠে পথসভায় তিনি বলেন, “আমরা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের অপেক্ষায় রয়েছি।”
সুষ্ঠু ভোট হলে নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তাবিথ।
“জনগণ আমাদের সঙ্গে রয়েছে। ২৮ এপ্রিল বিজয় নিশ্চিত হবে।”
মোহাম্মদপুর বাবর রোড ও আশপাশের এলাকায় প্রচারণার সময় জাগপা নেতা শফিউল আলম প্রধান, বিএনপি নেতা প্রয়াত ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ছিলেন তাবিথের সঙ্গে।
