২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চাইতে হাই কোর্টে আব্বাস

তিন মামলায় আগাম জামিন চাইতে হাই কোর্টে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস, যাকে সাম্প্রতিক সময়ে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আদালত এলাকায় এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নেন।

বেলা আড়াইটায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে মির্জা আব্বাসের তিন জামিন আবেদনের শুনানি হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।

আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন রোববার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার এই তিন মামলায় জামিনের আবেদন আদালতে উত্থাপন করেন।

এর মধ্যে পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করেছে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

চলতি বছর ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। আর শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ মার্চ দুদক দায়ের করে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও ‘গ্রেপ্তারের আশঙ্কায়’ তিনি জামিন চেয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপির মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তার নামে আগে ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারী মামলা থাকার কথা বলা হয়েছে।

২৮ এপ্রিল ভোট সামনে রেখে পুরোদমে প্রচার চললেও মামলা মাথায় নিয়ে এই বিএনপি নেতা সামনে আসছেন না। মগ প্রতীক নিয়ে তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।  

বিএনপিকর্মীরা জানান, গত বছর ২৯ ডিসেম্বর সর্বশেষ কোনো অনুষ্ঠানে মির্জা আব্বাসকে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশ আগেই বলে রেখেছে, বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের মধ্যে যারা জামিন না নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়টিকে ‘হয়রানি’ আখ্যায়িত করে নির্বাচনে সবার জন্য ‘সমান সুযোগ সৃষ্টি করতে’ মামলার আসামি নেতাকর্মীদের জামিন দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি।