২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিন: ডিএমপি প্রধানের কাছে বিএনপির আইনজীবীরা

এক মাস ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে পুলিশের তৎপরতা সম্পর্কে জানতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন বিএনপি সমর্থক একদল আইনজীবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

বৈঠকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা হয়েছে বলে প্রতিনিধি দলের এক আইনজীবী জানিয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ যাতে হয়রানি না করে সেদিকে দৃষ্টি রাখতে মহানগর পুলিশ প্রধানকে অনুরোধ করেছেন তারা।

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার বেলা ১২টায় বেইলি রোডে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে যায়।

ওই দলে ছিলেন- ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতা মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন।

দেড় ঘণ্টা বৈঠকের পর মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, “আমরা সালাহ উদ্দিন আহমেদ ও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে মহানগর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছি।”

সালাহ উদ্দিন আহমেদের অনুসন্ধানে একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে কমিটি করা হয়েছে এবং ‘অচিরেই’ তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে মহানগর পুলিশ কমিশনার তাদের জানিয়েছেন।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।

স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত ৭ এপ্রিল ও ১৯ মার্চ দুই দফায় স্মারকলিপি দিয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, পুলিশের নিরপেক্ষ ভূমিকা, নির্বাচন প্রভাবিত হয় এমন বক্তব্য দেওয়া থেকে পুলিশ কর্মকর্তারা যাতে বিরত থাকেন সেদিকে দৃষ্টি রাখতে মহানগর পুলিশ কমিশনারকে তারা অনুরোধ করেছেন।

“তিনি (পুলিশ কমিশনার) আমাদের ওই সব বিষয়ে আশ্বস্ত করেছেন।”