বিএনপির দপ্তরের দায়িত্বে রিপন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তরের দায়িত্ব পেয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া রিপন শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে অফিসও করেছেন।
অবশ্য সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপির সমর্থন পাচ্ছেন দলের মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস।
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ৪ এপ্রিল নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এর দুই দিন পরে খালেদা জিয়া ও বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি ও শোকবার্তা পাঠিয়ে শুরু হয় দপ্তরের কার্যক্রম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভী কারাগারে থাকায় দলের দপ্তরের দায়িত্বে এতোদিন কার্যত কেউ ছিলেন না। দপ্তর দেখাশোনা করে আসছিলেন সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
বিএনপি নেতারা জানান, চেয়ারপারসনের নির্দেশে ‘আপতকালীন ব্যবস্থা হিসাবে আসাদুজ্জামান রিপনকে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০১৩ সালেও নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলনের সময় রিজভী গ্রেপ্তার হলে রিপনকে দপ্তর চালাতে হয়েছিল। ফেব্রুয়ারি থেকে দুই মাস তিনি ওই দায়িত্ব পালন করেন।
শুক্রবার বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি নিবন্ধন খাতাও খোলা হয়েছে। কার্যালয়ে কারা প্রবেশ করছেন তাদের নাম ঠিকানা ওই খাতায় লিখে রাখছেন অফিসকর্মীরা।
