গণসংযোগে বাধা আসছে, অভিযোগ আফরোজা আব্বাসের
আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
নাশকতার মামলা নিয়ে অপ্রকাশ্যে থাকা মির্জা আব্বাসের পক্ষে বৃহস্পতিবার প্রচার চালানোর সময় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
বুধবার থেকে প্রচার শুরু করা আফরোজা এদিন রাজধানীর মালিবাগ-শান্তিনগর এলাকায় স্বামীর পক্ষে ভোট চাইতে নামেন।
আফরোজা বলেন, “সরকার সমর্থকরা নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ একদিন আগে মুগদা এলাকায় প্রচারণার সঙ্গে থাকা ছাত্রদলকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগকর্মীরা।”
“তবে মামলা দিয়ে, এভাবে হামলা চালিয়ে কোনো লাভ হবে না। ২৮ এপ্রিল ভোটের দিনে জনগণ দুঃশাসনের সমুচিত জবাব দেবে,” বলেন তিনি।
সকাল ১০টায় নগরীর শান্তিবাগ এলাকায় প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন আফরোজা আব্বাস।
হেঁটে গুলবাগ পাওয়ার হাউজ এলাকা, পূর্ব মালিবাগ, গুলবাগ, মালিবাগ মোড়, গুলবাগ রেল গেট এলাকা, মালিবাগ কাঁচাবাজার, মালিবাগ রেলগেট মোড়, আবুজর গিফরী কলেজ এলাকা, চামেলীবাগ, শান্তিনগরের টুইন টাওয়ার এলাকা, শান্তিনগর বাজার, পুরনো পল্টন এলাকাসহ বেশকটি এলাকায় গণসংযোগ করেন তিনি।
বিকালে আফরোজা আব্বাসের নেতৃত্বে কমলাপুর এলাকায় চলে মির্জা আব্বাসের গণসংযোগ।
মির্জা আব্বাসের ছোট বোন শাহিদা মির্জা, ছাত্রদলের সাবেক নেতা বজলুল করিম আবেদ, জাহাঙ্গীর আলম মিন্টুসহ শতাধিক নেতাকর্মী গণসংযোগে ছিলেন।
