নাছিরের বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থাকে ব্যবহারের অভিযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশনে ক্ষমমতাসীন দল সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়কে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে উন্নয়ন আন্দোলন, যাদের মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম।
বিবৃতিতে বলা হয়, “নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে (সিজেকেএস) সরকার দলীয় মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারণা ও ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্টদের প্রভাবিত করার কাজে অপব্যবহার করছে। এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির একজন ক্রীড়া সংগঠক। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সহ-সভাপতি তিনি।
১০ এপ্রিল আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানটি নির্বাচনী প্রভাব বলয় বিস্তার ও নির্বাচনী ফান্ড তৈরির চেষ্টা বলেও অভিযোগ করেছে উন্নয়ন আন্দোলন।
তবে চট্টগ্রাম জিমনেসিয়াম থেকে ভোটের ফলাফল ঘোষণার জন্য আগামী ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সিজেকেএসসহ আশেপাশের সব প্রতিষ্ঠানের কার্যালয়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
