২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে রাতযাপন কাদের সিদ্দিকীর

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী স্ত্রী-সন্তান ও দলের নেতাকর্মীদের নিয়ে বুধবার রাতযাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 07:11 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বৃহস্পতিবার তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এরপর উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ, নাশকতা ও সহিংসতা বন্ধের দাবি জানান।

দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টার দিকে চারটি মাইক্রোবাসে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান।

তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, মেয়ে কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আব্দুস সালাম প্রমুখ।

ইকবাল সিদ্দিকী জানান, স্ত্রী-পুত্র-কন্যারা ওখানেই রেস্ট হাউজে অবস্থান করেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধের মেঝেতে ছিলেন কাদের সিদ্দিকী।

এছাড়া সমাধি সৌধের বাইরে বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা অবস্থান করেন বলে জানান তিনি।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর কবরে জিয়ারত, ফাতেহাপাঠ ও মোনাজাতের পর বেলা ১০টার দিকে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।