প্রথম দিনে ব্যস্ত প্রচারে নাছির
প্রচারণার প্রথমদিনে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতামুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে পথসভা আর সভা করেছেন চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
বুধবার বেলা ১১টার দিকে শাহ আমানতের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন নাগরিক কমিটির প্রার্থী নাছির।
মাজার জিয়ারতের পর তিনি সাংবাদিকদের বলেন, “জলাবদ্ধতাকে নগরীর প্রধান সমস্যা । এ থেকে নগরবাসী মুক্তি চায়। জনগণের ম্যান্ডেট পেলে পাঁচ বছরের মধ্যে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে কাজ করব।”
আগের মেয়রের পদক্ষেপহীনতার কারণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সমস্যা প্রকট হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা নাছির।
এবার নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী নাছিরের প্রধান প্রতিদ্বন্দ্বী আগের মেয়র এম মনজুর আলম। বিএনপির এই নেতা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রার্থী হয়েছেন।
নাছির মাজার এলাকায় জনসংযোগ শেষে গাড়িবহর নিয়ে নগরীর চাক্তাই এলাকার মান্নান টাওয়ারের সামনে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পথসভায় যোগ দেন।
সেখানে সভায় নাছির বলেন, “নগরীর একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে অপরিচ্ছন্নতা। এ কারণে বন্দর নগরী পিছিয়ে পড়েছে। আপনারা সৎ যোগ্য এবং উন্নয়ন করবে এমন প্রার্থীকে নির্বাচিত করবেন।”
বিকালে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বসে নাছির।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ছৈয়দ ছগীর আহমদ, আবুল বশর চৌধুরী, আবদুস সালাম, মুহাম্মদ জামাল হোসেন, স ম বখতিয়ার, এস এম হারুন রশিদ, স্বপন কুমার সাহা প্রমুখ।
ওই সভায় ব্যবসায়ী নেতারা বলেন, আগেও অনেক নেতা চাক্তাই-খাতুনগঞ্জের জলাবদ্ধতা ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কার্যকর করেননি।
নাছির বলেন, “নির্বাচিত হলে বিশেষজ্ঞ ও আপনাদের মতামতের ভিত্তিতেই করণীয় ঠিক করব। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন।”
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে নাছির যান নগরীরে ইপিজেড মোড়ে পথসভায়।
সেখানে নাছিরের সমর্থনে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরী।
পথসভা শেষে নগরীর মোমিন রোডে প্রধান নির্বাচনী কার্যালয় প্রিয়া কমিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত এক সভায় যোগ দেন নাছির।
প্রথম দিনের প্রচার শেষে নাছির বলেন, “এখনও প্রতীক পাইনি। পথসভা ও মতবিনিময় করে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যাচ্ছি। প্রতীক পেলেই বাড়ি বাড়ি যাব।”
